Ajinkya Rahane: 'দল কী চাইছে সেটাই জরুরি, নিজেকে বদলেছি...' প্রবল বিতর্কের মাঝে কী বললেন KKR অধিনায়ক?
KKR: রাহানের নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠছে। বৃষ্টির ভ্রুকূটি রয়েছে জেনেও যেভাবে পঞ্জাব কিংসের বিরুদ্ধে আগের ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছিলেন, তা নিয়ে সমালোচনার ঝড়।

সন্দীপ সরকার, কলকাতা: ক্রিকেট কেরিয়ারের মধ্যগগনে তাঁকে নিয়ে এত বিতর্ক, লেখালিখি হয়নি, যা হচ্ছে গত কয়েক মাসে। এবং একের পর এক প্রশ্নবাণে বিদ্ধ হয়েও চোখা চোখা জবাব দিতে ছাড়ছেন না কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্ক রাহানে। আইপিএলে তাঁর দল যখন পরপর দুই ম্যাচে হেরে চাপে, পঞ্জাব কিংসের বিরুদ্ধে আগের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় কোনওমতে এক পয়েন্ট এসেছে ঝুলিতে, তখন ফের চাঁচাছোলা ভাষায় বার্তা দিলেন সমালোচকদের।
আইপিএলে রাহানের স্ট্রাইক রেট নিয়ে বারবার প্রশ্ন উঠছে। বলা হচ্ছে, সুনীল নারাইনের মতো সফল ওপেনার দলে থাকা সত্ত্বেও কেন ফিন অ্যালেনের সঙ্গে কেকেআরের ইনিংস ওপেন করছেন রাহানে! পাওয়ার প্লে-র ফিল্ডিং বিধিনিষেধের পুরো ফায়দা তুলতে পারছে না নাইট শিবির। রাহানের ধ্রুপদী ঘরানার ব্যাটিং টি-২০ ক্রিকেটে আদৌ প্রাসঙ্গিক কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ইডেনে ম্যাচ হারার পর যা নিয়ে পাল্টা আক্রমণাত্মক স্টান্স নিয়েছিলেন কেকেআর অধিনায়ক। বলেছিলেন, 'যাঁরা আমাকে নিয়ে এসব বলছেন, তাঁরা আমায় হিংসে করেন। অথবা খেলা বোঝেন না।'
মঙ্গলবার ফের এ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন রাহানে। এদিন বাইপাসের ধারে এক হোটেলে বেঙ্গল প্রো টি-২০ লিগের তৃতীয় সংস্করণের আনুষ্ঠানিক ঘোষণা হল। মঙ্গলবার সন্ধ্যার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিব বাবলু কোলে, কোষাধ্যক্ষ সঞ্জয় দাস সহ সিএবি কর্তারা। সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্ক রাহানে, সহ অধিনায়ক রিঙ্কু সিংহ, লখনউ সুপার জায়ান্টসের ক্রিকেটার মহম্মদ শামি, ঝুলন গোস্বামীরা। সেখানেই রাহানে বলেন, 'আমার কাছে দল আগে। দল কী চাইছে সেটা গুরুত্বপূর্ণ। নিজেকে বদলেছি। কিছু শট প্র্যাক্টিস করে আয়ত্ত করেছি। যা আমাকেও সাহায্য করছে।' তাহলে কি এবার রাহানেকে আগ্রাসী ব্যাটিং করার জন্য চাপ দিয়েছে কেকেআর শিবিরও? জল্পনা শুরু হয়েছে।
রাহানের নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠছে। বৃষ্টির ভ্রুকূটি রয়েছে জেনেও যেভাবে পঞ্জাব কিংসের বিরুদ্ধে আগের ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছিলেন, তা নিয়ে সমালোচনার ঝড়। তবে রাহানে তোয়াক্কা করছেন না। নাইটদের শক্তি যে সমর্থকেরা, জানিয়েছেন রাহানে। বলেছেন, 'কেকেআর দুর্দান্ত দল। কলকাতার মানুষ আমাদের যেভাবে সমর্থন করেন, অসাধারণ। ইডেন গার্ডেন্স আমাদের কাছে সব সময়ই স্পেশ্যাল। এমনকী, ঘরোয়া ক্রিকেটে বাংলা বনাম মুম্বই ম্যাচে যেভাবে সমর্থকদের আবেগপূর্ণ হয়ে পড়তে দেখেছি, অবাক লাগে।'
রাহানে আরও বলেছেন, 'আমাদের লক্ষ্য হল চ্যাম্পিয়ন হওয়া। আবারও বলছি কেকেআর দুর্দান্ত দল। শাহরুখ খান সব সময় সমর্থন করেন। দলের খারাপ সময়ে কী করে, কীভাবে পাশে থাকতে হয় জানেন। আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছেন কলকাতার ভক্তরা। তাঁদের আবেগ, প্রাণশক্তি আমাদের অনুপ্রাণিত করে।'





















