KKR vs LSG: চার ম্যাচ পরেও জয় অধরা, তাও LSG-র বিরুদ্ধে হারের পরে দলের পারফরম্যান্সে গর্বিত KKR নেতা রাহানে
KKR vs LSG: লখনউয়ের মুকুল চৌধুরী ম্যাচের শেষ বলে কেকেআরের মুখ থেকে জয় ছিনিয়ে নেন।

কলকাতা: ম্যাচের ৩৬ ওভারের শেষে মনে হচ্ছিল মরশুমে (IPL 2026) প্রথম জয়ের মুখ দেখতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। তবে কোথায় কী! লখনউ সুপার জায়ান্টস মুকুল চৌধুরির বিধ্বংসী ইনিংসে জয়ের মুখ থেকে পরাজয় ছিনিয়ে নিল কেকেআর (KKR vs LSG)। চলতি মরশুমে চার ম্যাচ হয়ে গেলেও এখনও জয়হীন নাইট শিবির। তবে কেকেআর অধিনায়ক কিন্তু দলের পারফরম্যান্সে গর্বিত।
ম্যাচশেষে কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানেকে (Ajinkya Rahane) বলতে শোনা যায়, ‘এই পরাজয়টা মেনে নেওয়া কষ্টকর। তবে দলের ছেলেরা যেভাবে খেলেছে, তার জন্য গর্বিত। আমার মতে মুকুলের ইনিংসটাই ম্যাচ নির্ধারিত করে দেয়। খুবই সাহসিকতার সঙ্গে ও নিজের শটগুলি খেলছিল। তবে সত্যি বলতে এই ধরনের ম্যাচের পর কোনও দিকে আঙুল তোলাটা যায় না। ১৮ ওভার পর্যন্ত তো আমরা খুবই ভাল খেলেছিলাম। তারপর শেষ দুই ওভারে তো বোলিং করার সময় জিনিসপত্র একটু এদিক ওদিক তো হয়েই থাকে। তবে মুকুল এবং ওদের ওই পার্টনারশিপের প্রশংসা করতেই হবে।’
ম্যাচের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি আরও যোগ করেন, ‘ম্যাচ হারের পর তো অনেক জায়গায়ই উন্নতি করা যেতে পারে বলে মনে হয়। তবে ব্যাটিংয়ের দিক থেকে রঘুবংশী আর আমার পার্টনারশিপ এবং তারপর রোভম্যান পাওয়েল এবং গ্রিনের পার্টনারশিপের পর ১৮০, ১৮৫ রানটা বেশ ভাল বলেই মনে হচ্ছিল। এই পিচে বড় শট খেলাটা সহজ ছিল না এবং মন্থর গতির বলগুলিও পিচে থেমে আসছিল। দিনের শেষে এটাই বলব যে ও (মুকুল) যেভাবে খেলে, তার জন্য ব্যাটারকে এইজন্য বাহবা দিতেই হবে।’
জয়ের জন্য লখনউয়ের সামনে লক্ষ্য ছিল ১৮২ রানের। ম্যাচের বেশিরভাগ সময়ই মনে হচ্ছিল এই রান জয়ের জন্য যথেষ্ট। ১৬তম ওভারের শেষ বলে আয়ুষ বাদোনি আউট হওয়ার পর যখন ১২৮ রানে সাত উইকেট হারিয়ে ফেলে লখনউ, তখন কেকেআর সমর্থকদের একাংশ ধরেই নিয়েছিল এই ম্যাচে জয় নিশ্চিত। তবে ঠিক সেই সময়ই সুপার জায়ান্টসের ত্রাতা হয়ে এগিয়ে আসেন তরুণ মুকুল চৌধুরি। তিনি ২৭ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংস খেলেন। তাঁর এই ইনিংসের সুবাদেই তিন উইকেটে ম্যাচ জিতে নেয় লখনউ।



















