KKR Schedule: প্রথম দফায় চারটির মধ্যে তিনটিই হোম ম্যাচ খেলবে শাহরুখের কেকেআর, ইডেনে কবে-কখন খেলা?
IPL 2026 Schedule: কলকাতার ক্রিকেটপ্রেমীরা অবশ্য আগ্রহী ছিলেন কলকাতা নাইট রাইডার্সের সূচি জানতে।

কলকাতা: অপেক্ষার অবসান। অবশেষে বুধবার আইপিএলের (IPL 2026) সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে আইপিএলের গভর্নিং কাউন্সিল পুরো টুর্নামেন্টের সূচি এখনই প্রকাশ করল না, বরং নিল ধীরে চলো নীতি। আইপিএল যে ২৮ মার্চ থেকে শুরু হবে, সেটা টি-২০ বিশ্বকাপের ফাইনালের দিনই ঘোষণা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে কৌতূহল ছিল উদ্বোধনী ম্যাচ কোথায়, কাদের মধ্যে খেলা হবে তা নিয়ে।
এমনিতে রীতি হচ্ছে, গতবার যারা চ্যাম্পিয়ন হয়েছিল, তাদের ঘরের মাঠেই পরের আইপিএলের উদ্বোধন হবে। পাশাপাশি আগেরবারের দুই ফাইনালিস্ট দল প্রথম ম্যাচ খেলে থাকে। তবে শোনা যাচ্ছিল, এবার প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম পঞ্জাব কিংস নাও হতে পারে। দেখা গেল, সেটাই হল। ২৮ মার্চ প্রথম ম্যাচে মুখোমুখি আরসিবি বনাম সানরাইজার্স হায়দরাবাদ। বেঙ্গালুরুতে হবে সেই ম্যাচ। সন্ধ্যা ৭.৩০ থেকে হবে সেই ম্যাচ।
কলকাতার ক্রিকেটপ্রেমীরা অবশ্য আগ্রহী ছিলেন কলকাতা নাইট রাইডার্সের সূচি জানতে। ২০২৪ সালের চ্যাম্পিয়নদের গতবারের আইপিএল ভাল কাটেনি। এবার ফের ট্রফি আসবে কলকাতায়? ইডেনে কবে কবে ম্যাচ পড়েছে কেকেআরে? প্রতিপক্ষ কারা?
সব প্রশ্নেরই উত্তর পাওয়া গেল বুধবার। ভারতীয় ক্রিকেট বোর্ড ১২ এপ্রিল পর্যন্ত ২০টি ম্যাচের সূচি ঘোষণা করা হল। সেই পর্বে শাহরুখ খানের দল মোট চারটি ম্যাচ খেলবে। কেকেআর শিবিরের পক্ষে স্বস্তির খবর বলতে, এই পর্বে চারটি ম্যাচের মধ্যে তিনটিই হোম ম্যাচ খেলবে নাইটরা।
১৯তম আইপিএলে কেকেআরের অভিযান শুরু হচ্ছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। ওয়াংখেড়ে বরাবরই শক্ত গাঁট কেকেআরের। ওয়াংখেড়ে স্টেডিয়ামে কেকেআরের রেকর্ড বলার মতো নয়। এবারের আইপিএলেও প্রথম ম্যাচেই কঠিন পরীক্ষা কেকেআরের।
Knights Army, we are so ready for the summer of '26. Are you? 👊💜 pic.twitter.com/sYTTYcrDFd
— KolkataKnightRiders (@KKRiders) March 11, 2026
টুর্নামেন্টের দ্বিতীয় দিনই, ২৯ মার্চ নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ, মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে কেকেআরের প্রথম ম্যাচ।
এই পর্বে কেকেআরের চারটি ম্যাচ -
২৯ মার্চ, বনাম মুম্বই ইন্ডিয়ান্স, মুম্বই
২ এপ্রিল, বনাম সানরাইজার্স হায়দরাবাদ, কলকাতা
৬ এপ্রিল, বনাম পঞ্জাব কিংস, কলকাতা
৯ এপ্রিল, বনাম লখনউ সুপার জায়ান্টস, কলকাতা
এই চারটি ম্যাচই হবে সন্ধ্যা ৭.৩০ থেকে। ইডেনে ২, ৬ ও ৯ এপ্রিল হবে কেকেআরের তিনটি হোম ম্যাচ।



















