KKR: মাত্র ৮ বলেই আইপিএল শেষ ১৮ কোটি টাকা দামের ক্রিকেটারের, পরিবর্ত প্লেয়ারের নাম ঘোষণা কেকেআরের
IPL 2026: বিধি বাম। চোটের জন্য মাত্র ৮ বলেই শেষ হয়ে গেল মাথিশা পাথিরানার (Matheesha Pathirana) আইপিএল।

সন্দীপ সরকার, কলকাতা: অনেক ঢাকঢোল পিটিয়ে তাঁকে মিনি নিলাম থেকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ১৮ কোটি টাকা দিয়ে তাঁকে দলে নেওয়া হয়েছিল। মনে করা হয়েছিল, তিনিই হবেন ডেথ ওভারে কেকেআরের বোলিংয়ের ভরসা। তাঁর বিপজ্জনক ইয়র্কার ব্যাটারদের বিব্রত করত, আর ফায়দা পেত কেকেআর, এমনই নীল নকশা সাজিয়েছিলেন অভিষেক নায়ার-বেঙ্কি মাইসোররা।
কিন্তু বিধি বাম। চোটের জন্য মাত্র ৮ বলেই শেষ হয়ে গেল মাথিশা পাথিরানার (Matheesha Pathirana) আইপিএল। পরিবর্ত ক্রিকেটারের নামও ঘোষণা করে দিল কেকেআর। সেখানেও চমক। কারণ, পাথিরানার বদলি হিসাবে কোনও পেসারকে না নিয়ে একজন উইকেটকিপার-ব্যাটারকে দলে নিল নাইটরা। লুভনিত সিসোদিয়া (Luvnith Sisodia)-র নাম পরিবর্ত হিসাবে ঘোষণা করল কেকেআর।
আরও পড়ুন: এই ব্যবধানে জিতলেই প্লে অফের টিকিট পাকা! কেকেআরের সামনে কী অঙ্ক, চূড়ান্ত হয়ে গেল
সিসোদিয়া অবশ্য কেকেআর শিবিরে নতুন নন। তিনি প্রাক মরশুম থেকেই রয়েছেন দলের সঙ্গে। প্র্যাক্টিস ম্যাচে ইডেনে ঝোড়ো ব্যাটিংও করেছেন। সেই সিসোদিয়াকে পাথারিনার পরিবর্ত হিসাবে নিল কেকেআর। ৩০ লক্ষ টাকায়। উইকেটকিপার ব্যাটার সিসোদিয়া এর আগেও কেকেআর দলে ছিলেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) হয়েও আইপিএলে খেলেছেন। ঘরোয়া ক্রিকেটে খেলেন কর্নাটকের হয়ে। ১৫টি টি-২০ ম্যাচে ১২৪ রান রয়েছে তাঁর ঝুলিতে।
🚨 News 🚨
— IndianPremierLeague (@IPL) May 24, 2026
Kolkata Knight Riders pick Luvnith Sisodia as a replacement for injured Matheesha Pathirana.
More Details 🔽 | #TATAIPL | #KhelBindaas | @KKRiders https://t.co/qTjizFUI17
আরও পড়ুন: আঙুল ভেঙেছে, ইঞ্জেকশন নিয়ে দলকে জেতাতে ঝাঁপাচ্ছেন! ব্রহ্মাস্ত্রকে দেখে মুগ্ধ কেকেআর কোচ
কেকেআরের সামনে শেষ ম্যাচে নামার আগে প্লে অফে ওঠার অঙ্কটা পরিষ্কার। সেটা মেনে চললে, আর ভাগ্য় কিছুটা সঙ্গ দিলে প্লে অফের টিকিট মিলতেও পারে। যদিও সেটা ভীষণই কঠিন।
কারণ, রবিবার রাতের ম্যাচে নাইটদের জিততে তো হবেই, জিততে হবে নির্দিষ্ট এক ব্যবধানে। যদি কেকেআর প্রথমে ব্যাট করে, তবে ৭৭ রানে হারাতেই হবে দিল্লিকে। আর পরে ব্যাট করলে দিল্লি যত রানের লক্ষ্যই দিক না কেন, ১২.১ ওভারে সেই রান তুলে ফেলতে হবে রিঙ্কু সিংহদের। অর্থাৎ, দিল্লি প্রথমে ব্যাট করে ১৬০ রান তুললে কেকেআরকে ৭৩ বলে সেই রান তুলে ম্যাচ জিততে হবে। তবেই কেকেআরের নেট রান রেট পঞ্জাবের চেয়ে বেশি হবে। পয়েন্ট সমান হলেও সেক্ষেত্রে কেকেআর প্লে অফে যাবে। অবশ্য রবিবার বিকেলের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারতেই হবে রাজস্থান রয়্যালসকে।




















