Mahela on Rohit-Bumrah fitness: MI-র শেষ ম্যাচের আগে বুমরার খারাপ পারফরম্যান্সের কারণ থেকে রোহিতের ফিটনেস নিয়ে অকপট কোচ মাহেলা
Mumbai Indians: মরশুমজুড়ে তারকা ক্রিকেটারদের চোট আঘাত যে মুম্বই ইন্ডিয়ান্সের সমস্যা বাড়িয়েছে, তা বলাই বাহুল্য।

মুম্বই: চলতি আইপিএল মরশুমটা (IPL 2026) মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) জন্য অনেকটা দুঃস্বপ্নের মতোই কেটেছে। এবারের টুর্নামেন্টে তাদের শেষ ম্যাচে বড় পরাজয় কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সকে লিগ তালিকায় সবার নীচে শেষ করতে বাধ্য করতে পারে। মরশুমজুড়ে তারকা ক্রিকেটারদের চোট আঘাত যে পল্টনদের সমস্যা বাড়িয়েছে, তা বলাই বাহুল্য। তবে এ মরশুমে সবথেকে অবাক করেছে যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) ফর্ম।
মতান্তরে বর্তমান বিশ্বের সেরা ফাস্ট বোলার গোটা আইপিএল মরশুমে ১৩টি ম্যাচ খেলে মাত্র চারটি উইকেট নিয়েছেন, যা অস্বাভাবিক বললেও কম বলা হবে। এই বুমরাই তো বিশ্বকাপে ভারতের হয়ে দিনকয়েক আগে সর্বাধিক উইকেট নিয়েছিলেন। তাঁর হঠাৎ করে এমন ফর্ম যাওয়ায় সকলেই অবাক। এই বিষয়ে মুম্বই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়বর্ধনে (Mahela Jayawardene) কিন্তু বুমরার বিশ্বকাপে লাগা চোটকেই দায়ী করছেন।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে মাহেলা জানান, 'এটা বেশ কয়েকটি বিষয়ের যুগলবন্দিতে হয়েছে। বিশ্বকাপে ওর ছোট্ট একটা চোট লেগেছিল, যা নিয়েই ও বিশ্বকাপ খেলে এবং এই দলে যোগ দেয়। আমরা তাই ওকে পর্যাপ্ত বিশ্রাম দিয়েছিলাম। তবে এমন পরিস্থিতির সঙ্গে লড়াই করতে হলে তো ওই ধারটা খানিকটা কমে যায়ই।'
জয়বর্ধনে জানান অনুশীলনে বুমরার ওয়ার্কলোড ম্যানেজ করার চেষ্টা করা হয়েছিল এবং এমনভাবে পরিকল্পনা সাজানো হয়েছিল যাতে বুমরার ওপর ম্যাচে বোলিংয়ের সময় বাড়তি চাপ না পড়ে। তবে দলের তারকা ফাস্ট বোলার হিসাবে সেই চাপ থেকে কোনও সময়ই বুুমরা মুক্তি পাননি। তবে বুমরা শীঘ্রই নিজের সেরা ফর্মে ফিরবেন বলে আশাবাদী জয়বর্ধনে। আইপিএল শেষের পর সম্পূর্ণ ফিট হয়ে নিজের ধার ফিরে পাওয়ার জন্য বুমরাকে কিন্তু সদ্য ঘোষিত আফগানিস্তান সিরিজ়েও বিশ্রাম দেওয়া হয়েছে।
আরও পড়ুন:- সেঞ্চুরি হাঁকালেন শ্রেয়স আইয়ার, ছয় ম্যাচ পর জয়ে ফিরে প্লে-অফের দৌড়ে টিকে থাকল পঞ্জাব কিংস
তবে বুমরাকে বিশ্রাম দেওয়া হলেও, সেই সিরিজ়ের জন্য় ভারতের ওয়ান ডে দলে ডাক পেয়েছেন রোহিত শর্মা। যদিও দল ঘোষণার সঙ্গে সঙ্গেই রোহিতের ফিটনেস নিয়ে প্রশ্নচিহ্ন খাড়া হয়। টিম ইন্ডিয়ার নির্বাচকরা ঘোষণা করেন রোহিত ফিট আছেন কি না, সেই বিচার করেই তাঁকে আফগানদের বিরুদ্ধে খেলানো হবে।
জয়বর্ধনে জানান রোহিতের পেশির চোটের পর তাঁর ওয়ার্কলোড ম্যানেজ করে তাঁকে ধীরে ধীরে দলে খেলানো হচ্ছে, যদিও তাঁকে ইমপ্যাক্ট সাব হিসাবে খেলানোর সিদ্ধান্তটা তাঁর চোটেরও আগে দলের ভারসাম্য বজায় রাখার কথা ভেবেই নেওয়া হয়েছিল। 'আমার যতদূর মনে পড়ছে ও চোট পাওয়ারও আগে আমরা ওকে কয়েকটা ম্যাচে (ইমপ্যাক্ট সাব) হিসাবে ব্যবহার করেছিলাম। দলের ভারসাম্যর কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।' জানান জয়বর্ধনে।



















