PBKS vs RCB: অবিশ্বাস্য! টানা পাঁচ হার! সঙ্কটে শ্রেয়সের পঞ্জাব, প্রথম দল হিসাবে প্লে অফে কোহলিরা
IPL 2026: ১২ ম্যাচে ১৩ পয়েন্টে আটকে রইল পঞ্জাব। পয়েন্ট টেবিলে আপাতত চার নম্বরে শ্রেয়সরা।

ধর্মশালা: শুরুতে টানা ছয় ম্যাচে জয়। অপ্রতিরোধ্য দেখাচ্ছিল পঞ্জাব কিংসকে। শ্রেয়স আইয়ারদের নিয়ে তখন হইচই। কিন্তু এরপরই উলটপুরাণ আইপিএলে। লাগাতার পাঁচ ম্যাচে হারল পঞ্জাব কিংস। তাদের প্লে অফ স্বপ্ন এখন বিপন্ন। রবিবার ধর্মশালায় ২৩ রানে পঞ্জাব কিংসকে হারিয়ে প্লে অফের টিকিট নিশ্চিত করে ফেলল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (PBKS vs RCB)। ১৩ ম্যাচে ১৮ পয়েন্টে পৌঁছে গেল আরসিবি।
ধর্মশালা পঞ্জাব কিংসের সেকেন্ড হোম। মুল্লাপুরের পর। কিন্তু এই মাঠে কুৎসিত রেকর্ড তাদের। এখনও পর্যন্ত ধর্মশালায় ১৭ ম্যাচ খেলে মাত্র ৬টিতে জিতেছে পঞ্জাব, ১১টি ম্যাচে হার হজম করতে হয়েছে। আর ২০২৩ সাল থেকে ধরলে রেকর্ড আরও কুৎসিত। ৮ ম্যাচে মাত্র ১টি জয়, সাতটি পরাজয়।
আইপিএলে এর আগে একবারই টানা এতগুলো ম্যাচ হেরেছিল পঞ্জাব। ২০১৫ সালের আইপিএলে লাগাতার ৭ ম্যাচে হেরেছিল পঞ্জাব। তারপর চলতি আইপিএলে টানা ৬ ম্যাচে পরাজয়ের এই ধাক্কা। ২০২৩ সাল থেকে পঞ্জাব কিংসের বিরুদ্ধে দুরন্ত রেকর্ড আরসিবির। ২০২৩ সাল থেকে আট ম্যাচের মধ্যে সাতবারই পঞ্জাবকে হারিয়েছে বিরাট কোহলিদের দল।
রবিবার টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছিলেন শ্রেয়স আইয়ার। শুরুতেই জেকব বেথেলকে ফিরিয়ে আসিবি-কে ধাক্কা দিয়েছিলেন হরপ্রীত ব্রার। কিন্তু এরপরই রুখে দাঁড়ান বিরাট কোহলি ও দেবদত্ত পাড়িক্কল। ৩৭ বলে ৫৮ রান করেন কোহলি। ২৫ বলে ৪৫ রান পাড়িক্কলের। ৪০ বলে ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলে পঞ্জাব কিংসের বোলিংকে ধ্বংস করেন বেঙ্কটেশ আইয়ার। প্রথমে ব্যাট করে ২২২/৪ তোলে আরসিবি। অর্শদীপের খারাপ সময় চলছে। এদিনও ৪ ওভারে ৪৩ রান দিয়ে এক উইকেট তোলেন।
আরও পড়ুন: ১৮ কোটির ক্রিকেটার অভিষেকের রাতে ৮ বল করে মাঠের বাইরে! পাথিরানাকে নিয়ে শোরগোল
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ভুবনেশ্বর কুমারের ধাক্কায় নড়ে যায় পঞ্জাব। একটা সময় ৩.২ ওভারে ১৯/৩ হয়ে যায় তারা। ১০.৫ ওভারে ৯৩/৫ হয়ে যায়। এরপর ষষ্ঠ উইকেটে ৩২ বলে ৬৭ রান যোগ করে ম্যাচ জমিয়ে দিয়েছিলেন মার্কাস স্টোইনিস ও শশাঙ্ক সিংহ। ২৫ বলে ৩৭ রান করে স্টোইনিস ফিরতেই অবশ্য ম্যাচের দেওয়াল লিখন পড়া যাচ্ছিল। ২৭ বলে ৫৬ করেন শশাঙ্ক। রসিখ সালাম দার নেন তিন উইকেট। দুই উইকেট ভুবির।
১২ ম্যাচে ১৩ পয়েন্টে আটকে রইল পঞ্জাব। পয়েন্ট টেবিলে আপাতত চার নম্বরে শ্রেয়সরা।
আরও পড়ুন: বাবাকে হারানোর ৯ মাসের মাথায় মায়ের মৃত্যু! তছনছ কিংবদন্তি অলিম্পিয়ানের পরিবার
Before You Go
Chess Grandmaster | পশ্চিমবঙ্গের দাবার মুকুটে যোগ হল নতুন পালক, দেশের ৯৫তম গ্র্যান্ডমাস্টার হলেন কলকাতার আরণ্যক ঘোষ


















