MI vs RR: ২২ গজের টানটান লড়াইয়ের মাঝেই খুনসুটি, নজর কাড়ল শার্দুল, জাডেজার 'ঠোকাঠুকি'
Ravindra Jadeja-Shardul Thakur banter: শার্দুল ও রবীন্দ্র জাডেজার মধ্যেকার ঘটনাটি রাজস্থান রয়্যালসের ব্যাটিং ইনিংসের শেষ ওভারে ঘটে।

মুম্বই: আইপিএলের (IPL 2026) গ্রুপ পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস (MI vs RR)। এই ম্যাচ মুম্বইয়ের জন্য নিয়মরক্ষার ম্যাচ হলেও, রাজস্থানের জন্য বিরাট তাৎপর্যপূর্ণ। রিয়ান পরাগদের প্লে-অফে পৌঁছনোর ভাগ্য তো এই ম্যাচের ফলাফলের ওপরেই নির্ভরশীল। এই পরিস্থিতিই মুম্বইয়ের তপ্ত বিকেলে দুই দলের এই ২২ গজের লড়াইয়ের বাড়তি ঝাঁঝ যোগ করেছে। সেই ঝাঁঝ খেলোয়াড়দের মধ্য়েও ছড়িয়ে পড়ল।
ঘটনাটি রাজস্থান রয়্যালসের ব্যাটিং ইনিংসের শেষ ওভারের। সেই ওভারেই বোলার শার্দুল ঠাকুর (Shardul Thakur) এবং ব্যাটার রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) মধ্যে 'ঠোকাঠুকি' দেখল ক্রিকেটবিশ্ব। ওভারের চতুর্থ বলে জাডেজার বিরুদ্ধে বড় শট মারতে গিয়ে কভারে ধরা দেন রবীন্দ্র জাডেজা। তাঁকে আউট করেই উচ্ছ্বসিত সেলিব্রেশনে ভাসেন শার্দুল। তাঁর সামনে গিয়েই হাত মুঠো করে শূন্যে ছুড়ে নিজের উইকেট সেলিব্রেট করেন তিনি। তবে ভাগ্যের পরিহাসে বলটিকে নো বল দেওয়া হয়। জীবনদান পান রবীন্দ্র জাডেজা।
The kind of banters we love to see 😂💙🩷#TATAIPL | #KhelBindaas | #MIvRR | @mipaltan | @rajasthanroyals pic.twitter.com/j9A7YIphGr
— IndianPremierLeague (@IPL) May 24, 2026
এরপরেই শার্দুলকে নাগাড়ে দুই বলে দুইটি চার মারেন রবীন্দ্র জাডেজার। এবারে পালা ছিল তাঁর শার্দুলকে জবাব দেওয়ার। তিনি ঠিক একইরকমভাবে শার্দুলের অনুকরণ করে তাঁর সামনে গিয়ে সেলিব্রেশন করেন। অবশ্য গোটা ঘটনার সময় দুই ক্রিকেটারের মুখেই হাসি ছিল যা প্রমাণ করে দেয় দুই টিম ইন্ডিয়ার সতীর্থের মধ্যে এই গোটা বিষয়টি আসলে গম্ভীর কোনও বিষয় নয়, বরং মজাদার খুনসুটি। এই খুনসুটির ভিডিওটিই কিন্তু নেটিজেনদের মন জয় করে নিয়েছে। এই ঘটনা প্রমাণ করে দেয় আইপিএলের টানটান লড়াইয়ে যেখানে খেলোয়াড়রা নিজেদের সর্বস্ব উজাড় করে দেন, তার মধ্যেও নিজেদের মধ্য়ে সুস্থ প্রতিযোগিতা করা যায়, বন্ধুত্ব অটুট রাখা যায়।
আরও পড়ুন:- মরশুমে প্রথমবার সুযোগ পেয়েই ভাল পারফরম্যান্স, ছেলে অর্জুনকে নিয়ে কী লিখলেন সচিন তেন্ডুলকর?
ম্যাচের প্রথম ইনিংসের কথা বলতে হলে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই ব্যাটিং অর্ডারে জোর ধাক্কা খেয়েছিল রাজস্থান শিবির। রান পায়নি বিধ্বংসী বৈভব সূর্যবংশী। কিন্তু শেষ পর্যন্ত লোয়ার মিডল অর্ডারের লড়াইয়ে ভর করে দু'শোর গণ্ডি পেরিয়ে যায় রাজস্থান। নির্ধারিত ২০ ওভারে আট উইকেটের বিনিময়ে ২০৫ রান তোলে রাজস্থান। দলের হয়ে জুরেল সর্বাধিক ৩৮ রানের ইনিংস খেলেন। এবার দেখার এই রান জয়ের জন্য যথেষ্ট হয় কি না।



















