GT vs RR: গুজরাত না রাজস্থান, মুখোমুখি মহারণে কারা এগিয়ে? প্লে অফেই বা কাদের পাল্লা ভারী?
IPL 2026 Qualifier 2: ২০২২ সালে আইপিএলে নিজেদের প্রথম মরশুমে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে একমাত্র ২০২৪ সাল ছাড়া সব মরশুমেই প্লে অফে উঠেছে গুজরাত শিবির।

মুল্লানপুর: ২০০৮ সালে আইপিএলের অভিষেক মরশুমে রাজস্থান রয়্যালস চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর থেকে সতেরো মরশুমে আর খেতাব ঘরে তুলতে পারেনি দলটি। অন্যদিকে গুজরাত টাইটান্সও তাদের অভিষেক মরশুমে ২০২২ সালে খেতাব জিতেছিল। সেবার ফাইনালে রাজস্থানকেই হারিয়ে দিয়েছিল হার্দিক পাণ্ড্য়র নেতৃত্বাধীন গুজরাত। কিন্তু এরপর হার্দিক মুম্বই যোগ দেন, ও গুজরাতও আর কাপ জিততে পারেনি। আজ এই দুটো দলই আমনে সামনে দ্বিতীয় কোয়ালিফায়ারে। ট্রফি জয়ের থেকে আর দুটো ম্যাচ দূরে রয়েছে তারা।
তার আগে দেখে নেওয়া যাক দুটো দলের প্লে অফে পারফরম্য়ান্স কেমন? আর তাছাড়া আমনে সামনে মহারণেও কে কার থেকে বেশি শক্তিশালী? ২০২২ সালে আইপিএলে নিজেদের প্রথম মরশুমে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে একমাত্র ২০২৪ সাল ছাড়া সব মরশুমেই প্লে অফে উঠেছে গুজরাত শিবির। অন্যদিকে, ২০২২ সালে রানার্স আপ হওয়ার পর থেকে ২০২৪ ও এই মরশুমে অর্থাৎ ২০২৬ মরশুমে প্লে অফের যোগ্যতা অর্জন করেছিল রাজস্থান শিবির।
আবার মুখোমুখি মহারণে গুজরাত রাজস্থানের থেকে এগিয়েই এদিন মাঠে নামবে। এখনও পর্যন্ত মোট ১০ বার দুটো দল মুখোমুখি হয়েছে। তার মধ্য়ে সাতবার জয় ছিনিয়ে নিয়েছিল গুজরাত শিবির। আর রাজস্থান মাত্র তিনবার জয় পেয়েছে। শেষ পাঁচবারের সাক্ষাতেও তিনবার জয় ছিনিয়ে নিয়েছে গুজরাত শিবির।
বৃষ্টির জন্য যদি প্লে অফের দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্য়াচ ভেস্তে যায়, তাহলে কোন দল জায়গা করে নেবে ফাইনালে? আরসিবি ইতিমধ্য়েই ফাইনালে অপেক্ষা করছে। আজকের আবহাওয়ার পূর্বাভাস বলছে যে এই ম্য়াচে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই বিসিসিআইয়ের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনও রিজার্ভ ডে ঘোষণা করা হয়নি। তবে আবহাওযার জন্য কোনও কারণে খেলা বিঘ্নিত হলে অতিরিক্ত ১২০ মিনিট সময় রাখা হয়েছে। তবে যদি এরমধ্যেও খেলা আয়োজন করা বা খেলার ফল নির্ধারণ করা সম্ভব না হয় তাহলে?
লিগ টেবিলে গুজরাত দ্বিতীয় স্থানে ছিল। আর রাজস্থান চতুর্থ দল হিসেবে প্লে অফের জায়গা করে নিয়েছিল। সানরাইজার্স হায়দরাবাদ তৃতীয় স্থানে ছিল। হায়দরাবাদকে হারিয়ে রাজস্থান দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে। গুজরাতের থেকে সাম্প্রতিক ফর্মের নিরিখে হয়ত এগিয়ে থেকেই মাঠে নামবে রিয়ান পরাগের দল। কিন্তু যদি বৃষ্টির জন্য ভেস্তে যায় ম্য়াচ, তাহলে কিন্তু গুজরাত টাইটান্সই ফাইনালে পৌঁছে যাবে।



















