SRH vs KKR: ২২ গজের লড়াই জিতে পাত পেড়ে বিরিয়ানি! জমে উঠল SRH বনাম KKR-র সোশ্যাল মিডিয়া যুদ্ধ
IPL 2026: ম্যাচে কেকেআর জিতলেও না কেকেআর, না সানরাইজার্স হায়দরাবাদ, কারুরই লিগ তালিকায় স্থান বদল হয়নি।

হায়দরাবাদ: আইপিএলের (IPL 2026) হতাশাজনক শুরুর পরে জয়ের হ্যাটট্রিক সেরে ফেলল কলকাতা নাইট রাইডার্স। রাজস্থান রয়্যালস, লখনউ সুপার জায়ান্টসের পর নাইটরা হারাল সানরাইজার্স হায়দরাবাদকে (Sunrisers Hyderabad vs Kolkata Knight Riders)। তবে ২২ গজের লড়াই শেষ হলেও, ম্যাচশেষে কিন্তু সোশ্যাল মিডিয়ার লড়াই জমে উঠল।
কলকাতা ও হায়দরাবাদ, দুই শহরের মানুষজনই খাদ্যরসিক। আর এই দুই শহরবাসীর বিরিয়ানি প্রেম নিয়ে তো নতুন করে কিছু বলারই থাকে না। তবে দুই জায়গার মধ্যে, কলকাতার আলু দেওয়া বিরিয়ানি নাকি, হায়দরাবাদের মশলাদার বিরিয়ানি (Biriyani), কোন জায়গার বিরিয়ানি সেরা, সেই নিয়ে কিন্তু প্রায়শই সোশ্যাল মিডিয়ায় চর্চা, তর্ক-বিতর্ক চলে। এবার ২২ গজের ম্যাচশেষে দুই শহরের আইপিএল ফ্র্যাঞ্চাইজ়িদের মধ্যেও সেই লড়াইটাই দেখা গেল।
মাসখানেক আগে কেকেআরকে তাদেরই ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে হারিয়ে সানরাইজার্সের অ্যাডমিন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করে। সেই পোস্টে দেখা যায় হাওড়া ব্রিজের অদূরে এক ব্যক্তি হায়দরাবাদি বিরিয়ানি নিয়ে দাঁড়িয়ে। স্পষ্টতই ম্যাচ জিতে এই পোস্টের মাধ্যমে কেকেআরকে খোঁচা দেওয়া হয়। সেই খোঁচা ফিরিয়ে দিলেন কেকেআরের অ্যাডমিনও। একইভাবে আজকের ম্যাচ জিতে কেকেআরের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করা হয়। সেখানে একজনকে হায়দরাবাদে চারমিনারকে সাক্ষী রেখে তার সামনে বিরিয়ানির প্যাকেট হাতে দেখা যায়। সেই বিরিয়ানির প্যাকেটে আলু একেবারে জ্বলজ্বল করছে, আর ক্যাপশনে লেখা, 'আজকের পার্টি আমাদের তরফ থেকে'।
Aaj ki party humaari taraf se 🥰 https://t.co/ISDX0EJy66 pic.twitter.com/rlnS29Bdz8
— KolkataKnightRiders (@KKRiders) May 3, 2026
স্বাভাবিকভাবেই নিজেদের ২২ গজের প্রতিদ্বন্দ্বিতার মধ্যে সানরাইজার্স-কেকেআরের এই বিরিয়ানির লড়াই যুক্ত করাটা নেটিজেনরা বেশ মজাদার খোঁচা, পাল্টা খোঁচা হিসাবেই নেয়। নেটমাধ্যমে পোস্টটি বেশ জনপ্রিয়ও হয়েছে।
ম্যাচের কথা বলতে গেলে এদিন সানরাইজার্সের টপ অর্ডার ব্যাটাররা শুরুটা বিধ্বংসী মেজাজে করলেও, দলকে ম্যাচে ফেরান কেকেআরের স্পিনাররা। ট্র্যাভিস হেড ও ঈশান কিষাণ যথাক্রমে ৬১ ও ৪২ রানের ইনিংস খেললেও, তারপরে আর কোনও সানরাইজার্স ব্যাটারই রান পায়নি। বরং শেষ ৬০ রানে নয়টি উইকেট হারায় তাঁরা। শেষমেশ ১৬৫ রানেই থামে সানরাইজার্স ইনিংস। জবাবে ফিন অ্যালেন বিধ্বংসী মেজাজে ইনিংস শুরু করার পর ফিরে গেলেও, অজিঙ্ক রাহানে ও অঙ্গকৃষ রঘুবংশীর দুরন্ত পার্টনারশিপে ১০ বল ও সাত উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নেয় কেকেআর।



















