IPL 2026: KKR সমর্থকদের জন্য দুশ্চিন্তার খবর, লখনউয়ের বিরুদ্ধেও পাওয়া যাবে না বিশ্বকাপজয়ী তারকাকে!
KKR: নারাইন? বুধবার প্র্যাক্টিস করতে এলেন নাইট স্পিনার। মূল পিচের পাশে যেখানে রেঞ্জ হিটিং হচ্ছিল, সেখানে বল করলেন।

সন্দীপ সরকার, কলকাতা: বুধবার বিকেল সাড়ে চারটে নাগাদ যখন কলকাতা নাইট রাইডার্সের টিমবাস এসে ইডেন গার্ডেন্সের সামনে দাঁড়াল, সকলের নজর ছিল দুজনের দিকে। একটা সময় যে দুজন কেকেআরের সেরা ম্যাচ উইনার ছিলেন। সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তী। নাইট শিবিরের দুই স্পিনারকে নিয়ে আতঙ্কে থাকতেন প্রতিপক্ষ ব্যাটাররাও। তবে সোমবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে ঘরের মাঠে দুই স্পিনারকেই পাওয়া যায়নি। কেকেআর শিবির থেকে বলা হয়েছিল, দুজনই ফিট নন। অসুস্থ। তারপর থেকেই কৌতূহল ছিল, বৃহস্পতিবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে কি খেলবেন তাঁরা?
বুধবার বিকেলে দুজনই কেকেআরের প্র্যাক্টিসে দলের বাকি সতীর্থদের সঙ্গে এলেন। তবে বরুণ ড্রেসিংরুম থেকে হাঁটা লাগালেন ইডেনের ইন্ডোরের দিকে। বাঁহাতের দুটি আঙুলে মোটা করে টেপ জড়ানো। শোনা গেল, জিমে সময় কাটাবেন বরুণ। সম্ভবত তাঁকে ফিটনেস টেস্টও দিতে হচ্ছে। নাইট শিবিরে খোঁজ নিয়ে যা জানা গেল, শুনলে উদ্বিগ্ন হবেন ভক্তরা।
বলা হল, ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে অভিষেক শর্মার ক্যাচ নিতে গিয়ে বাঁহাতের আঙুলে চোট পেয়েছিলেন বরুণ। তারপর থেকেই হাতের আঙুলে টেপ জড়ানো। আগের ম্যাচে খেলতে পারেননি। শোনা গেল, চোট পাওয়া আঙুলে স্ক্যান করানো হয়েছে। রিপোর্ট খুব একটা সন্তোষজনক নয় বলেই খবর।
টি-২০ বিশ্বকাপে ভারতের জয়ের অন্যতম কারিগর। ১৪ উইকেট নিয়েছিলেন বিশ্বকাপে। যদিও টুর্নামেন্টের শেষ দিকে তাঁর রান খরচ করা নিয়ে প্রবল সমালোচনা হয়েছিল। আইপিএলেও তিনি ছন্দে নেই। নাইট স্পিনারের রহস্য প্রতিপক্ষ ব্যাটাররা ভেদ করে ফেলছেন। প্রত্যেক ম্যাচেই রান খরচ করছিলেন। কেউ কেউ তো আড়ালে আবডালে এমনও বলছেন যে, বরুণ চোট পাওয়ায় শাপে বর হয়েছে কেকেআরের। তাঁকে বাদ দিয়ে নামা যাচ্ছে। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধেও বরুণের খেলার সম্ভাবনা কার্যত নেই।
আর নারাইন? বুধবার প্র্যাক্টিস করতে এলেন নাইট স্পিনার। মূল পিচের পাশে যেখানে রেঞ্জ হিটিং হচ্ছিল, সেখানে বল করলেন। কেকেআর শিবির থেকে বলা হল, পেটের সমস্যায় ভুগছিলেন বলে আগের ম্যাচে খেলতে পারেননি নারাইন। তবে ক্যারিবিয়ান তারকা এখন সুস্থ। বৃহস্পতিবার খেলবেন?
কেকেআর শিবিরের কাছে বড় ধাঁধা। কারণ, নারাইনকে খেলাতে গেলে আগের ম্যাচে সুযোগ পাওয়া রোভম্যান পাওয়েল বা ব্লেসিং মুজারাবানিকে বসাতে হবে। ছন্দ হারানো নারাইনকে খেলাতে গিয়ে সেই ঝুঁকি নেবে কেকেআর!





















