GT vs RR: যশস্বী, জুড়েলের অর্ধশতরানে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস
Gujarat Titans vs Rajasthan Royals: ব্যাটিং ইনিংসের শেষ পাঁচ ওভারে ৫০ রানের বিনিময়ে তিন উইকেট হারায় রাজস্থান রয়্যালস।

আমদাবাদ: গুজরাত টাইটান্সের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে বেশ ভালই রান তুলল রাজস্থান রয়্যালস। সৌজন্যে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) এবং ধ্রুব জুড়েল (Dhruv Jurel)। দুই তরুণ তুর্কি দুরন্ত অর্ধশতরান হাঁকালেন। ছোট্ট হলেও, ভাল ইনিংস খেলে বৈভব সূর্যবংশীও। এই তিন টপ অর্ডার ব্যাটারের সুবাদেই ২০ ওভারে ছয় উইকেটের বিনিময়ে ২১০ রান তুলল রাজস্থান রয়্যালস (GT vs RR)।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে রয়্যালস শুরুটা খুবই ভালভাবে করেছিল। প্রথম তিন ওভারেই রয়্যালস ৩২ রান যোগ করে ফেলে। বৈভব সূর্যবংশীর দিকে এই ম্য়াচে সকলের নজর ছিল। সে শুরুটাও দারুণভাবে করেছিল। প্রথম বলেই মহম্মদ সিরাজের বল বাউন্ডারি পার করে সে। পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৬৯ রান যোগ করে বৈভব ও যশস্বী। তবে পাওয়ার প্লের পরেই ৩১ রানে সাজঘরে ফেরে বৈভব।
যশস্বী অবশ্য নিজের ইনিংস চালিয়ে যান। তাঁকে সঙ্গ দেন ধ্রুব জুড়েল। দুইজনে মিলে দলের হয়ে অর্ধশতরানের পার্টনারশিপ গড়েন। ৩২ বলে হাফসেঞ্চুরিও হাঁকান যশস্বী। তিনি বড় ইনিংসের পথে অগ্রসর ছিলেন। তবে হাফসেঞ্চুরি পূরণ করার পরের ওভারেই কাগিসো রাবাডা তাঁকে সাজঘরে ফেরান। অধিনায়ক রিয়াগ পরাগ (৮) বড় রান করতে ব্যর্থ। শিমরন হেটমায়ার শুরুটা ভাল করেও অশোক শর্মার বলে ১৮ রানে আউট হন।
YBJ and Vaibhav put the power in play, Hettie added the fireworks, and Dhruv Jurel held it all together! 💗🔥 pic.twitter.com/tjJPGbzGw1
— Rajasthan Royals (@rajasthanroyals) April 4, 2026
তবে একের পর এক যখন রয়্যালসের মিড অর্ডার ব্যাটাররা সাজঘরে ফিরছেন, তখন ক্রিজে টিকে থাকেন ধ্রুব জুড়েল। ২৯ বলে হাফসেঞ্চুরিও পূরণ করেন রয়্যালসের কিপার-ব্যাটার। শেষমেশ ইনিংসের শেষ ওভারে তিনি সিরাজের বলে আউট হন। তবেততক্ষণে রয়্যালস দুইশো রানের গণ্ডি পার করে ফেলেছে। তাঁর সংগ্রহ ৭৫ রান। ইনিংসের শেষ বলে চার মারেন রবীন্দ্র জাডেজা। সেই বাউন্ডারির সুবাদে ২১০ রান তুলে ইনিংস শেষ করে রয়্যালসরা।
পরিসংখ্যান অনুযায়ী এই মাঠে এই রানটা খুব বেশি না হলেও, লড়াই করার কিন্তু যথেষ্ট রশদ রয়েছে রাজস্থানের কাছে। এবার রয়্যালস দুইয়ে দুই করে, না টাইটান্স বোর্ডে নিজেদের প্রথম দুই পয়েন্ট তুলতে সক্ষম হয়।




















