KKR vs MI: পাথিরানার একটি বলের দাম আড়াই কোটি টাকা! অস্বস্তিতে কেকেআর, গোপনে বোলিং করলেন বরুণ
Varun Chakravarthy: কেকেআর নেটের সামনে যে সাইটস্ক্রিন লাগানো হয়েছিল, সেই কালো পর্দার ওপাড়ে গিয়ে দেখা গেল, সবুজ ঘাসের ওপর কয়েক পা দৌড়ে বল করছেন বরুণ।

সন্দীপ সরকার, কলকাতা: তাঁকে যখন ১৮ কোটি টাকা দিয়ে নিলামের টেবিল থেকে দলে নেওয়া হয়েছিল, খোশমেজাজে ছিল কলকাতা নাইট রাইডার্স শিবির। ধরেই নেওয়া হয়েছিল যে, ডেথ ওভারে ব্রহ্মাস্ত্র পেয়ে গিয়েছে নাইট শিবির। এমন একজন ফাস্টবোলার, যাঁর হাতে রয়েছে ভয়ঙ্কর ইয়র্কার। লাসিথ মালিঙ্গার মতো বোলিং অ্যাকশনের জন্য যাঁকে 'বেবি মালিঙ্গা' বলে ডাকে গোটা বিশ্ব।
অথচ সেই মাথিশা পাথিরানার আইপিএল শেষ হয়ে যেতে বসেছে মাত্র ৮ বলে! টি-২০ বিশ্বকাপের সময় চোট পেয়েছিলেন শ্রীলঙ্কার পেসার। আইপিএলের শুরুর দিকে খেলেননি। তবে দলের সঙ্গে যোগ দিয়েছেন মাসখানেক আগে। ইডেনে রাজস্থান রয়্যালস ম্যাচের আগের দিন কলকাতায় এসেছিলেন। দীর্ঘ অপেক্ষার পর গুজরাত টাইটান্সের বিরুদ্ধে তাঁকে নামায় কেকেআর। ইডেনে ১৬ মে-র সেই ম্যাচই ছিল নাইট জার্সিতে পাথিরানার অভিষেক। আর সেই ম্যাচে কি না ৮টি বল করে মাঠ ছেড়ে উঠে যান পাথিরানা!
কেকেআরের প্লে অফ ভাগ্য সরু সুতোর ওপর ঝুলছে। প্লে অফে ওঠার সামান্যতম আশা বাঁচিয়ে রাখতে বাকি দুই ম্যাচ জিততেই হবে নাইটদের। বুধবার ইডেনে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলা। সেই ম্যাচের আগে পরপর দুদিন ইডেনে প্র্যাক্টিসে গরহাজির শ্রীলঙ্কার পেসার। খুব অলৌকিক কিছু না হলে এবারের আইপিএলে আর নাও দেখা যেতে পারে পাথিরানাকে। ৮ বলেই শেষ হতে পারে তাঁর অভিযান। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড়। বলা হচ্ছে, মিচেল স্টার্ক রেকর্ড দামে কেকেআরে এসে ট্রফি দিয়েছিলেন। ২০২৪ সালের কোয়ালিফায়ার ও ফাইনালে অজ়ি পেসারের স্বপ্নের স্পেল এখনও লোকের মুখে মুখে ফেরে। কিন্তু পাথিরানার অবদান মাত্র ৮ বল। এক-একটা বলের দাম প্রায় আড়াই কোটি টাকা!
কেকেআর শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, টিমহোটেলেই বিশ্রামে রয়েছেন পাথিরানা। বুধবারের ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
কৌতূহল রয়েছে বোলিং বিভাগের আর এক অস্ত্র বরুণ চক্রবর্তীকে নিয়ে। সোমবার প্র্যাক্টিস করেননি। মঙ্গলবার গোপনে প্র্যাক্টিস সারলেন ইডেনে! মঙ্গলবার বিকেলে সতীর্থদের সঙ্গেই ইডেনে এলেন। তবে কেকেআরের নেটে দেখা গেল না। ইতিউতি আলোচনা শুরু হল, ড্রেসিংরুমেই থেকে গেলেন বরুণ?
পরের মুহূর্তেই জানা গেল, গোপনে প্র্যাক্টিস করছেন বরুণ। কোথায়? কেকেআর নেটের সামনে যে সাইটস্ক্রিন লাগানো হয়েছিল, সেই কালো পর্দার ওপাড়ে। গিয়ে দেখা গেল, সবুজ ঘাসের ওপর কয়েক পা দৌড়ে বল করছেন বরুণ। সাপোর্ট স্টাফ সাগর সেই বলগুলি কিপ করছিলেন। পুরো দম লাগিয়ে বোলিং না করলেও, বুধবারের ম্যাচ তিনি খেলতে পারবেন বলেই ইঙ্গিত নাইট শিবিরের।
ইডেনের পিচে বল থমকে আসতে পারে। একে প্রবল রোদ আর গরম, সঙ্গে মরশুম শেষ পথে হওয়ায় পিচের গতি কিছুটা হলেও কমা। বরুণ খেললে সুনীল নারাইনের সঙ্গে তাঁর জুটি মুম্বইয়ের বিরুদ্ধে ঘাতক হতে পারে। সেই আশাতেই রয়েছে কেকেআর।
Before You Go
Chess Grandmaster | পশ্চিমবঙ্গের দাবার মুকুটে যোগ হল নতুন পালক, দেশের ৯৫তম গ্র্যান্ডমাস্টার হলেন কলকাতার আরণ্যক ঘোষ




















