IPL Final: এশিয়া কাপের ট্রফি নিয়ে চম্পট দিয়েছিলেন, আইপিএল ফাইনালে আমন্ত্রিত সেই মহসিন নকভি!
Mohsin Naqvi: ভারতীয় ক্রিকেট বোর্ড বলছে, বল এখন নকভির কোর্টে । আমন্ত্রণ রক্ষা না করলে বিশ্বক্রিকেটে আরও কোণঠাসা হয়ে পড়বে পাকিস্তান ।

সন্দীপ সরকার, কলকাতা: তাঁকে নিয়ে ভারত-পাকিস্তান দুই দেশের সম্পর্ক আরও উত্তপ্ত হয়েছিল । হবে নাই বা কেন! ভারত এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার পর তিনি যে ট্রফি নিয়ে 'চম্পট' দিয়েছিলেন!
সেই মহসিন নকভিকে নিয়ে বড় সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড । বিশ্বস্ত সূত্রের খবর, আমদাবাদের নরেন্দ্র মোদি আইপিএল ফাইনাল দেখার জন্য আমন্ত্রণ জানানো হল নকভিকে!
পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রধানও । ভারত গত বছর এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় । পহেলগাঁও হামলা ও অপারেশ সিঁদুরের স্মৃতি তখনও টাটকা । ভারত-পাক যুদ্ধের আবহে নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করে ভারতীয় দল । নকভিও নাছোড় ছিলেন যে, তিনিই ট্রফি দেবেন । হয় তাঁর হাত থেকে নিতে হবে । অথবা তিনি ট্রফি নিয়ে চলে যাবেন । তবে ভারতীয় ক্রিকেটারেরা নমনীয় হননি । নকভিও একরোখা ছিলেন । তিনি ট্রফি নিয়ে দেশে ফিরে যান । প্রবল বিতর্ক হয় ।
আচমকা সেই বিতর্কিত নকভিকে আইপিএল ফাইনাল দেখতে আমন্ত্রণ জানানো হচ্ছে কেন ?
আরও পড়ুন: বহিষ্কার করল ক্যালকাটা পুলিশ ক্লাব, গ্রেফতার হওয়া পুলিশ কর্তাকে নিয়ে কী অবস্থান সিএবি-র?
আরও পড়ুন: তারকাপ্রথা বিসর্জন দিতে চান গম্ভীর, সায় নেই দ্রাবিড়ের! ভারতীয় দলের কোচের প্রতি বড় বার্তা?
শোনা গেল, আইপিএল ফাইনালের সময় আইসিসি-র বোর্ড বৈঠক আছে আমদাবাদেই । প্রত্যেক তিন মাস অন্তর বোর্ড বৈঠক করে আইসিসি । এবার সেই বৈঠকের আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ড । সেই জন্যই নকভিরও ভারতে আসার সম্ভাবনা রয়েছে । আর সেই কারণেই তাঁকে আইপিএল ফাইনাল দেখার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে । তবে শেষ পর্যন্ত পিসিবি প্রধান আসবেন কি না, তা নিয়ে এখনও নিশ্চয়তা নেই । ভারতীয় ক্রিকেট বোর্ড বলছে, বল এখন নকভির কোর্টে । আমন্ত্রণ রক্ষা না করলে বিশ্বক্রিকেটে আরও কোণঠাসা হয়ে পড়বে পাকিস্তান ।
Before You Go
Chess Grandmaster | পশ্চিমবঙ্গের দাবার মুকুটে যোগ হল নতুন পালক, দেশের ৯৫তম গ্র্যান্ডমাস্টার হলেন কলকাতার আরণ্যক ঘোষ



















