গত বছর চিন্নাস্বামী স্টেডিয়ামে একটি দুর্ভাগ্যজনক ঘটনার পর সেখানে কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ আয়োজন করা হয়নি। আরসিবি কর্তৃপক্ষও সেখানে খেলতে আগ্রহী নয়।
IPL 2026: চিন্নাস্বামীতে ম্যাচ খেলতে আগ্রহী নয় আরসিবি! কোহলিদের নতুন 'হোমগ্রাউন্ড' হতে পারে এই মাঠ
Royal Challengers Bengaluru: আরসিবি ম্য়ানেজমেন্টের তরফে এখনও কর্ণাটক ক্রিকেট সংস্থাকেও চিন্নাস্বামীতে আইপিএলের ম্যাচ আয়োজন করার জন্য আগ্রহ দেখিয়ে যোগাযোগ করা হয়নি বলে দাবি করা হচ্ছে।

নয়াদিল্লি: আইপিএল ২০২৬ (IPL 2026) শুরু হতে আর মাস দু'য়েক মতো বাকি। তবে এখনও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) 'হোমগ্রাউন্ড' নিয়ে জট অব্যাহত। সময় যত গড়াচ্ছে ততই আরসিবির চিন্নাস্বামী স্টেডিয়ামে আসন্ন মরশুমের ঘরের ম্যাচগুলি খেলার সম্ভাবনা আরও কমছে। দিনকয়েক আগে আরসিবি কর্তৃপক্ষ ঘরের মাঠ হিসাবে পুণের এমসিএ স্টেডিয়ামকে বিবেচনা করছে বলে শোনা যাচ্ছিল। আরসিবির সঙ্গে কথাবার্তার সত্যতা স্বীকার করে নেয় মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনও। তবে এবার এক নতুন মাঠের নাম আরসিবি নতুন 'হোমগ্রাউন্ড' হিসাবে উঠে এল।
গত বছর আরসিবির আইপিএল জয়ের বিজয়োৎসবে ১১ জন সমর্থকের পদপিষ্ট হয়ে মৃত্যুর পর থেকে চিন্নাস্বামীতে আর কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলা হয়নি। মহিলাদের বিশ্বকাপ সরানো হয়েছিল। চলতি বিজয় হাজারে ট্রফির ম্যাচ সেখানে আয়োজিত হওয়ার কথা থাকলেও, শেষ মুহূর্তে সেই ম্যাচগুলিও সরিয়ে নিয়ে যাওয়া হয়। এবার সূত্রের দাবি আরসিবি ম্যানেজমেন্ট গত বারের ঘটনার পর নিজেরাও চিন্নাস্বামীতে খেলতে চাইছে না। তাদের তরফে এখনও কর্ণাটক ক্রিকেট সংস্থাকেও চিন্নাস্বামীতে আইপিএলের ম্যাচ আয়োজন করার জন্য আগ্রহ দেখিয়ে যোগাযোগ করা হয়নি বলে দাবি করা হচ্ছে।
এবার শোনা যাচ্ছে চিন্নাস্বামীর বদলে ছত্তিশগড়ের রায়পুর আরসিবি ঘরের ম্যাচগুলি আয়োজন করার বিষয়ে এগিয়ে। দৌড়ে অবশ্য তারা একা নয়, মধ্যপ্রদেশের ইনদওরও রয়েছে বলে খবর। দিনকয়েক আগেই মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছিল রাজস্থান রয়্যালস এবং আরসিবি, দুই ফ্র্যাঞ্চাইজ়িই তাদের মাঠ দর্শন করেছে এবং এটাই বিশ্বদরবারে এই আন্তর্জাতিক স্টেডিয়ামকে তুলে ধরার বড় পদক্ষেপ।
এমসিএ-র তরফে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানানো হয়, 'সপ্তাহ দুই আগে এমসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম পরিদর্শনে আসার জন্য আরসিবি এবং রাজস্থান রয়্যালসকে অসংখ্য ধন্যবাদ। ওদের উপস্থিতি এমসিএ স্টেডিয়াম, পুণেকে শীর্ষ স্তরের ক্রিকেটের জন্য অন্যতম সেরা ডেস্টিনেশন হিসাবে তুলে ধরার জন্য একটা বড় পদক্ষেপ।'
বর্তমানে যা খবর তাতে এমসিএ স্টেডিয়ামে আইপিএলের ম্যাচ আয়োজিত হতে পারে। তবে সেখানে ম্যাচ খেলার দৌড়ে আরসিবি নয়, এগিয়ে বরং রাজস্থা রয়্যালস। রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্টের মধ্যে বিবাদ বহুদিনের। রাজস্থান বোর্ডের এক আধিকারিক তো রয়্যালসদের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটা করার অভিযোগ পর্যন্ত করেছিলেন। বর্তমানে রাজস্থান বোর্ডের দায়িত্বে রয়েছে দিন দয়াল কুমারের নেতৃত্বাধীন এক অ্যাড-হক কমিটি। এই কমিটির সঙ্গে দীর্ঘ ঝামেলার জেরেই রয়্যালসরা তাঁদের সোয়াই মানসিংহ স্টেডিয়াম ছেড়ে নতুন মরশুমে নতুন ঠিকানায় ম্যাচ খেলতে আগ্রহী তারা। তবে এখনও এই বিষয়ে কোনওরকম সরকারি ঘোষণা করা হয়নি।
Frequently Asked Questions
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হোম গ্রাউন্ড নিয়ে সমস্যা কেন?
আইপিএল ২০২৬-এর জন্য আরসিবির সম্ভাব্য নতুন হোম গ্রাউন্ড কোনটি?
বর্তমানে ছত্তিশগড়ের রায়পুর এবং মধ্যপ্রদেশের ইন্দোরকে আরসিবির সম্ভাব্য নতুন হোম গ্রাউন্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে।
পুনের এমসিএ স্টেডিয়াম কি আরসিবির হোম গ্রাউন্ড হতে পারে?
পুনের এমসিএ স্টেডিয়ামকে হোম গ্রাউন্ড হিসাবে বিবেচনা করা হচ্ছিল, তবে বর্তমানে রাজস্থান রয়্যালস সেখানে ম্যাচ খেলার দৌড়ে এগিয়ে আছে।
রাজস্থান রয়্যালস তাদের হোম গ্রাউন্ড কেন পরিবর্তন করতে আগ্রহী?
রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্টের মধ্যে দীর্ঘদিনের বিরোধের কারণে তারা নতুন মরশুমে নতুন ঠিকানায় ম্যাচ খেলতে আগ্রহী।




















