Mohammed Shami: দিল্লিতে মামলা সরানোর আর্জি, মাসে ১০ লক্ষ টাকা খোরপোশ দাবি, শামির মত জানতে চাইল সুপ্রিম কোর্ট
Hasin Jahan: সূত্রের খবর, সুপ্রিম কোর্টের কাছ থেকে নোটিশ পেয়েছেন মহম্মদ শামি। আদালত এই বিষয়ে শামির মতামত জানতে চেয়েছে

কলকাতা: দাম্পত্যের মাধুর্য্য অতীত হয়েছে দীর্ঘদিন আগেই, পড়ে রয়েছে কেবল আইনি লড়াই। ক্রিকেটার মহম্মদ শামির (Mohammed Shami) বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা-সহ একাধিক ধারায় মামলায় দায়ের করেছিলেন তাঁর স্ত্রী, মডেল অভিনেত্রী হাসিন জাহান (Hasin Jahan)। হাসিন জাহান আর শামির মধ্যে বিচ্ছেদের মামলা চলছে দীর্ঘদিন থেকেই। খোরপোশের পাশাপাশি, একাধিক দাবি ইতিমধ্যেই আদালতকে জানিয়েছেন হাসিন জাহান। আর এবার মডেল অভিনেত্রী অনুরোধ করেছেন, তাঁর মামলাকে পশ্চিমবঙ্গ থেকে স্থানান্তরিত করা হোক দিল্লিতে।
সূত্রের খবর, সুপ্রিম কোর্টের কাছ থেকে নোটিশ পেয়েছেন মহম্মদ শামি। আদালত এই বিষয়ে শামির মতামত জানতে চেয়েছে। হাসিন জাহান মহম্মদ শামির বিরুদ্ধে যে গার্হস্থ্য হিংসার মামলা দায়ের করেছিলেন, তা এতদিন পশ্চিমবঙ্গে চলছিল। সেই সময়ে একমাত্র মেয়েকে নিয়ে কলকাতাতেই থাকতেন হাসিন জাহান। তবে এখন তিনি চান, এই মামলা দিল্লিতে স্থানান্তরিত করা হোক। এই মর্মে সুপ্রিম কোর্ট ক্রিকেটার মহম্মদ শামিকে নোটিস পাঠিয়েছে। হাসিন জাহান আবেদন করেছেন, তাঁকে তাঁর মেয়ের পড়াশোনার কারণে দিল্লিতে আসতে হয়েছে, সেখানেই তাঁকে থাকতে হচ্ছে। সেই কারণে শুধুমাত্র এই মামলার জন্য দিল্লি আর পশ্চিমবঙ্গ যাতায়াত করা তাঁর পক্ষে কঠিন। সেই কারণেই এই মামলা দিল্লিতে স্থানান্তরিত হলে তাঁর সুবিধা হয়।
প্রসঙ্গত, এর আগেও খোরপোশের অঙ্ক বৃদ্ধি করার জন্য হাসিন জাহান আদালতের কাছে আবেদন করেছিলেন। প্রথম তিনি মহম্মদ শামির কাছে মাসিক ৪ লাখ টাকা খোরপোশ দাবি করেছিলেন। বর্তমানে তিনি সেই খোরপোশের অঙ্কটা বাড়িয়ে ১০ লাখ করার আবেদন জানিয়েছেন আদালতের কাছে।
Domestic violence case against cricketer Mohammed Shami | The Supreme Court has issued notice to Indian cricketer Mohammed Shami seeking a response on his estranged wife, Hasin Jahan’s plea to transfer the domestic violence and maintenance case from West Bengal to Delhi. In her…
— ANI (@ANI) February 18, 2026
এর আগে, ২০২৫ সালে আইপিএল চলাকালীন কলকাতায় এসেছিলেন মহম্মদ শামি। সেই সময়ে হাসিন জাহান তাঁর মেয়ে আইরাকে নিয়ে কলকাতায় থাকতেন। আইরা এখানেই পড়াশোনা করত সেই সময়ে। এবিপি লাইভ বাংলার প্রতিনিধির কাছে হাসিন জাহান অভিযোগ জানিয়েছিলেন, শামি কলকাতায় এলেও, থাকলেও মেয়ের সঙ্গে দেখা করেননি। বিচারপতি তাঁকে সন্তানের সঙ্গে দেখা করার নির্দেশ দেওয়ায় তিনি ভারত-ইংল্যান্ড ওয়ান ডে ম্যাচের সময় শহরে এসে মেয়ের সঙ্গে দেখা করতে বাধ্য হয়েছিলেন।























