Neeraj Chopra: সম্পর্কে ইতি! কেরিয়ারে বড় সিদ্ধান্ত নিলেন ভারতের কিংবদন্তি অ্যাথলিট নীরজ চোপড়া
Neeraj Chopra Parts Ways With Coach: শনিবার দুজনই সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। একে অপরের প্রতি যে শ্রদ্ধায় ঘাটতি নেই, সেটাও স্পষ্ট করে দিয়েছেন নীরজ ও জেলেজনি।

নয়াদিল্লি: তিনি নিজেই একাধিকবার জানিয়েছেন যে, জ্যান জেলেজনিকে আদর্শ করে বড় হয়েছেন। নীরজ চোপড়া (Neeraj Chopra) কেরিয়ারে বড় সিদ্ধান্ত নিলেন। চেক প্রজাতন্ত্রের কিংবদন্তি কোচ জ্যান জেলেজনির সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করলেন ভারতের কিংবদন্তি অ্যাথলিট।
শনিবার দুজনই সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। একে অপরের প্রতি যে শ্রদ্ধায় ঘাটতি নেই, সেটাও স্পষ্ট করে দিয়েছেন নীরজ ও জেলেজনি।
পাশাপাশি নীরজ ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে তিনি কোনও কোচ নাও রাখতে পারেন। এত বছরে বিভিন্ন কোচের থেকে যা যা শিখেছেন সেগুলিই নিজে প্রয়োগ করে বাকি কেরিয়ার কাটিয়ে দিতে পারেন।
অলিম্পিক্সে প্রথম ভারতীয় হিসাবে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ব্যক্তিগত বিভাগে সোনা জয়ী নীরজের সময়টা যে দারুণ কাটছে তা নয়। জ্যাভলিন হাতে মিশ্র মরশুম গিয়েছে তাঁর। জেলেজনির কাছে প্রশিক্ষণ নিচ্ছেন বছর খানেক। সেই সময়ে নীরজের সময়টা খুব যে ভাল গিয়েছে তা বলা যাবে না। একমাত্র উজ্জ্বল রেখা হচ্ছে, দোহা ডায়মন্ড লিগে নীরজ প্রথমবার ৯০ মিটারের দূরত্ব অতিক্রম করেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো পান। এ ছাড়া বিশেষ সাফল্য পাননি তিনি।
কোচের সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করতে গিয়ে নীরজ জানিয়েছেন, ছোটবেলা থেকে জেলেজনিকে দেখেই বড় হয়েছেন তিনি। তাঁর অধীনে খেলতে পারা জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা বলেও জানিয়েছেন নীরজ। জ্যাভলিনের খুঁটিনাটি শেখানো, নতুন ধারণা এবং ভাবনাচিন্তা আমদানি করার জন্য জেলেজনিকে ধন্যবাদ দিয়েছেন নীরজ।
২০২৪ সালের শেষদিকে ইয়ান জেলেজনিকে কোচের পদে নিয়োগ করেন নীরজ। নিজের কেরিয়ারে জেলেজনি ছিলেন সফল অ্যাথলিট। ১৯৯২, ১৯৯৬ ও ২০০০ সালের অলিম্পিকে সোনা জিতেছিলেন জেলেজনি। বিশ্বের সর্বকালের সেরা দশটি থ্রোয়ের মধ্যে পাঁচটি রয়েছে তাঁর নামে। চেক প্রজাতন্ত্রের জ্যাভলিন থ্রোয়ার চারবার নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন। ১৯৯৬ সালে তিনি জার্মানিতে ৯৮.৪৮ মিটার স্পর্শ করেছিলেন। যা আজও বিশ্বরেকর্ড।
View this post on Instagram
নীরজ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'জেলেজনির সঙ্গে কাজ করতে গিয়ে অনেক নতুন জিনিস শিখেছি। টেকনিক, ছন্দ এবং নড়াচড়া আগের চেয়েও ভাল হয়েছে। জেলেজনি শুধু সর্বকালের সেরা জ্যাভলিন থ্রোয়ারই নন, আমার দেখা সেরা মানুষদের একজন।'





















