Ind vs Pak Match : 'একজন লোক যিনি কিছুই জানেন না তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান', নকভিকে তুলোধনা শোয়েবের
T20 World Cup 2026 : টি-২০ বিশ্বকাপে পাকিস্তানকে দুরমুশ করে সুপার এইটের টিকিট পাকা করেছে টিম ইন্ডিয়া।

চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ফের বধ ভারতের। কলম্বোয় জয়লাভের সঙ্গে সঙ্গে টি২০ বিশ্বকাপে জয়ের নিরিখে ৮-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত। ম্যাচের পর ক্রিকেট কর্তা থেকে খেলোয়াড়...একে একে তুলোধনা করলেন পাকিস্তানের প্রাক্তন জোরে বোলার শোয়েব আখতার। এবিপি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে শোয়েব বলেন, "আমরা ম্যাচেই ছিলাম না। শাহিন খেললেন...প্রতি ঘণ্টায় ১২৫ কিমি বেগে বল করছিলেন। আধুনিক ক্রিকেটে যার প্রয়োজন নেই। এরা সেইসব প্রতিভা নন, যারা চাপ সামলাবেন। গত ১৫-২০ বছর ধরে কোনও বিনিয়োগ নেই। পরিস্থিতির দুঃখজনক বাস্তবটা হল, এক সময় আমরা যখন ভারতের সঙ্গে মাঠে লড়াই করেছি, আজ আমরা তাদের হারানোর কথা স্বপ্নেও ভাবতে পারি না"
সুর আরও চড়ান শোয়েব। বলেন, "একটা লোক যিনি কিছুই জানেন না তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান (মহসিন নকভি) । আপনি কী করবেন ? কীভাবে দল চলবে ? আপনি এমন একজন খেলোয়াড়কে (বাবর আজম) সুপারস্টার বানিয়েছেন যিনি আপনাকে একটা খেলাও জেতাতে পারেন না। পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ হল, অযোগ্য লোকদের একটি নির্দিষ্ট কাজ দেওয়া।"
ভারতের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপে খেলবে না বলে জানিয়েছিল পাকিস্তান। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাতিল করার প্রতিবাদে। যদিও পরে আইসিসি-র চাপে পিছু হঠতে বাধ্য হয় পাকিস্তান। টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে রাজি হয়। তবে বয়কটের রাস্তা থেকে সরে নাক কাটা গেল পাকিস্তানের। ভারতের বিরুদ্ধে মাঠের লড়াইয়ে বিপর্যস্ত পাকিস্তান। টি-২০ বিশ্বকাপে কলম্বোয় ৬১ রানে পরাজয় হজম করতে হল সলমন আলি আঘা, বাবর আজমদের। সেই সঙ্গে টি-২০ বিশ্বকাপে মুখোমুখি সাক্ষাতে ৮-১ এগিয়ে গেল ভারত।
এশিয়া কাপের সময় ভারতের টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব খোঁচা দিয়েছিলেন, ভারত-পাক দ্বৈরথকে আর 'দ্য গ্রেটেস্ট রাইভালরি' বলার জায়গাই নেই। এতটাই আধিপত্য রয়েছে এখন ভারতের। এশিয়া কাপে তিনবারের সাক্ষাতে তিনবারই পাকিস্তানকে হারিয়েছিল ভারত। টি-২০ বিশ্বকাপেও ছবিটা পাল্টাল না।
যদিও কলম্বোয় বিশ্বকাপের ম্যাচে টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়ে কৌশলগত চমক দিয়েছিলেন সলমন আঘা। ২০ ওভারে ভারত তোলে ১৭৫/৭। আইসিসি আয়োজিত কোনও টি-২০ টুর্নামেন্টে ভারত-পাক ম্যাচে এটাই দলগত সর্বোচ্চ স্কোর। জবাবে ব্যাট করতে নেমে ১৮ ওভারে ১১৪ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। Ind vs Pak Match























