ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৯.০২.২৬) পর্ব ২: TMC কাউন্সিলরের লাথিতে বৃদ্ধের মৃ্ত্যু, আনা হল খুনের অভিযোগ
Ghantakhanek Sange Suman : তৃণমূল কাউন্সিলরের লাথিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ। উত্তর ব্য়ারাকপুর পুরসভার মণিরামপুরে এই মারাত্মক অভিযোগ ওঠার পর ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস। রবিবার রাতেই গ্রেফতার করা হয় তাঁকে। সোমবার দুপুরে ব্যারাকপুর মহকুমা আদালতে নিজেই নিজের হয়ে সওয়াল করেন পেশায় আইনজীবী অভিযুক্ত কাউন্সিলর। তিনি বলেন, মৃত বৃদ্ধ তুলসী অধিকারী (মৃত) আমার কলার ধরেছেন। তর্কাতর্কি-ধাক্কাধাক্কি হয়েছে। এটা কোনও খুনের মামলা নয়। সিসি ক্য়ামেরার ফুটেজ খতিয়ে দেখা হোক। যে কোনও শর্তে জামিন চাইছি। সাসপেন্ডেড তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে খুন, জোর করে আটকে রাখা, মারধর, ভয় দেখানোর অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ। ধৃতের ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
তোলাবাজি থেকে অকারণে হেনস্থা। উত্তর ব্যারাকপুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের ধৃত তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে একে একে অভিযোগ তুলছেন অনেকে। যেমন, উত্তর ব্যারাকপুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাথী করের অভিযোগ, "২০২৪ সালে, এই ওয়ার্ডেই একটি পুরনো বাড়ি কেনার পর, তাঁর থেকে ২০-২২ হাজার টাকা দাবি করেছিলেন তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য।" একইভাবে, ব্যারাকপুরের এক তৃণমূল নেত্রী লিপিকা দত্তের অভিযোগ, তাঁর জমিতে অন্য পুকুরের জল ঢুকে পড়ায়, তিনি তা আটকানোর চেষ্টা করে। আর সেখানেই, "তাঁর বিরুদ্ধে ভুয়ো পুকুর ভরাটের অভিযোগ তুলে তাঁকে হেনস্থা করেন তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য।" দুই অভিযোগেই, উত্তর ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান মলয় ঘোষের দাবি, "তিনি নির্দিষ্টভাবে অভিযোগপত্র না পেলে কিছুই বলতে পারবেন না।"































