ঘণ্টাখানেক সঙ্গে সুমন ( ২৫.২.২৬) পর্ব ১: ব্যবসায়ীকে প্রকাশ্যে খুন, সাংবাদিককে বেধড়ক মার। হাওড়ায় বেলাগাম দুষ্কৃতীরাজ
Ghantakhanek Sange Suman: ব্যবসায়ীকে প্রকাশ্যে খুন, সাংবাদিককে বেধড়ক মার। ভোটের মুখে হাওড়ায় বেলাগাম দুষ্কৃতীরাজ। ভরা রাস্তায় ব্যবসায়ীকে পরপর গুলি! CC-ক্যামেরায় হাড়হিম করা ছবি। এলাকায় RAF-এর টহলের মধ্যেই এবিপি আনন্দের ওপর হামলা, রক্তাক্ত রিপোর্টার। বিধায়কের বাইকে ব্যাকসিটে খুনি! ভাইরাল ভিডিওয় স্পষ্ট আততায়ী-শাসক যোগ। "বাহুবলী-নিয়ন্ত্রণ না করলে কপালে দুঃখ আছে," মন্তব্য সৌগত রায়ের। তিলজলাকাণ্ডে গ্রেফতার অভিযুক্ত, " এলাকায় দুষ্কৃতীরাজ চলে, আমি নাজেহাল," বলছেন স্বয়ং কাউন্সিলরই। কালীগঞ্জ থেকে ভাঙড়, ভোটের আগে দিকে-দিকে বোমার দাপট।
তখনও দিনের আলো ফোটেনি। এমন একটা সময়ে ২৭ বছরের তরতাজা এক যুবককে গুলিতে ঝাঁঝরা করে দিল দুষ্কৃতীরা।
হওড়ার গোলাবাড়িতে পেশায় প্রোমোটার সাফিক খানকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর চার রাউন্ড গুলি করা হল। মাথা ও বুক ফুঁড়ে বেরিয়ে গেল বুলেট! সিসিটিভি ফুটেজের এই ছবি দেখলে গা শিউরে উঠতে বাধ্য। আর ভোটের মুখে এই ঘটনা ঘিরেই শুরু হল তীব্র চাপানউতোর। অন্যতম অভিযুক্ত হারুন খানের সঙ্গে উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর ভিডিও ভাইরাল হল। পাল্টা বিজেপি নেতা অর্জুন সিংয়ের সঙ্গে হারুন খানের ছবি সামনে আনলেন তৃণমূল বিধায়ক। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হলেন রাজ্যপাল। বললেন, হিংসা, দুর্নীতি দুটোকেই পশ্চিমবঙ্গের রাজনীতির শিকড় থেকে উপড়ে ফেলতে হবে। অন্যদিকে, খুনের ঘটনা ঘিরে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল ঘটনাস্থল। চলল রাস্তা আটকে, আগুন জ্বালিয়ে বিক্ষোভ। শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় রুটমার্চ করল পুলিশ।































