India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
অভিশপ্ত শহরেই গৌরবের রাত। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে দুর্ভাগ্যের কাঁটা উপড়ে ফেলল ভারত। নিউজ়িল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে টি-২০ ক্রিকেটে ফের বিশ্বচ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। তৈরি হল ইতিহাস। টি-২০ বিশ্বকাপে এর আগে কোনও দেশ পরপর দুবার চ্যাম্পিয়ন হয়নি। ২০২৪ সালের পর ২০২৬ - পরপর দুবার বিশ্বসেরার মুকুট জিতে রেকর্ডবুক নতুন করে লিখল ভারতীয় দল। সব মিলিয়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ শোভা পাবে মুম্বইয়ে ভারতীয় ক্রিকেটের সদর দফতরে।
ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি রোহিত শর্মা ও বিরাট কোহলিকে প্রশ্ন করুন, সোনায় মোড়া কেরিয়ারের সবচেয়ে দগদগে ক্ষত কী? একবাক্যে উত্তর আসবে, ২০২৩ সালের ১৯ নভেম্বরের সেই অভিশপ্ত রাত। এই আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফেভারিট হিসাবে মাঠে নেমেও পরাজিত হয়েছিল ভারত। নতমস্তকে রোহিত-কোহলিরা দেখেছিলেন, ভারতের ডেরায় বিশ্বকাপ জিতে প্যাট-কামিন্স-ট্র্যাভিস হেডদের উৎসব।
লজ্জার সেই রাত ভুলিয়ে গোটা দেশকে গর্বের মুহূর্ত উপহার দিলেন সূর্যকুমার যাদবরা। টি-২০ বিশ্বকাপ জিতে। গ্যালারির ভিআইপি বক্সে বসে যে গৌরব তারিয়ে তারিয়ে উপভোগ করলেন টি-২০ বিশ্বকাপজয়ী আগের দুই ভারত অধিনায়ক - ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিংহ ধোনি ও রোহিত।























