T20 World Cup: বার্বাডোজের দুঃস্বপ্ন পেছনে ফেলে, আমদাবাদে প্রতিশোধের আগুন নিয়ে নামবেন প্রোটিয়ারা!
২৯ জুন, ২০২৪, দিনটা ছিল রবিবার। ক্যারিবিয়ান দেশ তখন তেরঙ্গায় ঢেকেছে। রোহিত শর্মার নেতৃত্বে বার্বাডোজে কুড়ির ফর্ম্য়াটে বিশ্বকাপ জিতেছিল ভারত। গ্যালারিতে ভারতীয় সমর্থকদের উন্মাদনা, বিরাট-হার্দিকদের উল্লাস, রোহিত শর্মার পিচের ঘাস চিবিয়ে খাওয়া আবেগঘন উদযাপন সবকিছু যখন ক্যামেরার লেন্সে জ্বলজ্বল করছে, তখন কুইন্টক ডি কক-হেনরিক ক্লাসেনদের বুকে ভিড় জমিয়েছিল একরাশ মন খারাপ। তীরে এসেও সেদিন ফের তরী ডুবেছিল, আরও একবার বিশ্বমঞ্চে চোকার্স খোঁচা হজম করতে হয়েছিল রামধনুর দেশের ক্রিকেটারদের। কাট টু-- ২২ ফেব্রুয়ারি, ২০২৬। আজও ফের রবিবার। দু বছর আগের সেই হৃদয়বিদারক স্মৃতি এখনও কি ভুলতে পেরেছে প্রোটিয়া শিবির? আজ যে ফের টি-টোয়েন্টি বিশ্বকাপের আরও একটা নক আউটে সামনে সেই ভারত। তাই স্বাভাবিকভাবেই উঠে আসছে ২০২৪ সালের ভারত-দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ফাইনালের কথা।























