IND VS PAK: 'আমরাই এগিয়ে', মেগা ম্যাচপূর্বে পাকিস্তানকে হুঁশিয়ারি বরুণ চক্রবর্তীর | ABP Ananda Live
ABP Ananda LIVE :
সপ্তাহান্তে টি-টোয়েন্টি বিশ্বকাপের সবথেকে বড় ম্যাচ। কলম্বোয় মুখোমুখি ভারত ও পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ মানেই তর্ক-বিতর্ক, আলাপ-আলোচনা, টানটান উত্তেজনা। ২২ গজের লড়াই তো আছেই, এই ম্য়াচের আগে ও পরে কিন্তু মাঠের বাইরের লড়াইও বারবার শিরোনাম কেড়ে নেয়। রবিবারের ম্যাচের আগে কিন্তু ইতিমধ্যেই মাঠের বাইরের লড়াই শুরু হয়ে গিয়েছে।
দিনকয়েক আগে যুক্তরাষ্ট্রকে হারিয়ে শাহিবজাদা ফারহান ভারতের বিরুদ্ধে ম্যাচকে 'খুব একটা বড় বিষয় নয়' বলে দাবি করেছিলেন। পাকিস্তান ওপেনার বলেছিলেন, 'ভারতের বিরুদ্ধে ম্যাচটা কেবল সাধারণ আর একটা ম্যাচ, এটা খুব একটা বড় বিষয় নয়। আমরা তো ওদের বিরুদ্ধে প্রথমবার খেলছি না। আগেও ওদের বিরুদ্ধে খেলেছি। এবার কেবল ভিন্ন মানসিকতা নিয়ে মাঠে নামব। আশা করছি ভারতের বিরুদ্ধে আমাদের ম্যাচটা উপভোগ্য হবে।'
এবার নামিবিয়ার বিরুদ্ধে জয়ের পরেই ভারত-পাক ম্যাচ নিয়ে মুখ খুললেন বরুণ চক্রবর্তীও। স্পষ্ট জানিয়ে দিলেন, চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে তাঁরাই খানিকটা এগিয়ে। বরুণ বলেন, 'আমাদের স্পিন আক্রমণটা বেশ শক্তিশালী এবং আমার মনে হয় ওদের বিরুদ্ধে আমরাই খানিকটা এগিয়ে আছি। ওরা এই পরিবেশে নাগাড়ে একের পর এক ম্য়াচ খেলছে, তাই পরিবেশটা হয়তো ওরা বেশি ভালভাবে চেনে। তবে দলগতভাবে আমরা কিন্তু ওদের বিরুদ্ধে বেশি ভাল পারফর্ম করেছি এবং আমরা এই ম্যাচের জন্য প্রস্তুতও।'
২০২১ সালের বিশ্বকাপে বরুণ চক্রবর্তী পাকিস্তানের বিরুদ্ধে খেললেও ম্যাচে প্রভাব ফেলতে ব্যর্থ হয়েছিলেন। তবে পাঁচ বছরে অনেক কিছুই বদলেছে। বর্তমানে তিনি বিশ্বের সেরা টি-টোয়েন্টি (আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী) বোলার। নামিবিয়া ম্যাচেও কিন্তু বরুণ দুরন্ত পারফর্ম করেন। দুই ওভারে মাত্র সাত রান খরচ করে তিনটি উইকেট নেন তিনি।
অপরদিকে, পাক ওপেনার শাহিবজাদা ফারহানও বেশ ভাল ফর্মে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৪৭ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় ম্য়াচে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ৭৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি। ভারত-পাক ম্যাচের ভাগ্য নির্ধারণে বরুণ ও ফারহান, দুইজনের ব্যাট বলের লড়াইটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দুই জনের কে নিজের দলকে রবিবার জেতাবেন, সেটা সময়ই বলবে। তবে ম্যাচে ব্যাট বলের প্রতিদ্বন্দ্বিতার আগে যে মাঠের বাইরে বাকযুদ্ধের লড়াইটা শুরু হয়ে গিয়েছে, তা বলাই বাহুল্য।























