কলকাতা: অবসরকালীন সঞ্চয়ের টাকা একবারে তুলে নেওয়ার পরিবর্তে এবার থেকে নির্দিষ্ট সময় অন্তর কিস্তিতে তোলার সুযোগ পেতে পারেন Employees' Provident Fund Organisation (EPFO)-এর সদস্যরা। অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য Systematic Withdrawal Plan বা SWP চালুর প্রস্তাবে অনুমোদন দিয়েছে EPFO-র সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ (CBT)। এর ফলে অবসরের পর জমা থাকা সম্পূর্ণ প্রভিডেন্ট ফান্ডের টাকা এককালীন না তুলে নিয়মিত ব্যবধানে তোলার সুযোগ তৈরি হবে।

Continues below advertisement

আরও পড়ুন: কলকাতার পুরভোট নিয়ে 'সুপ্রিম' শুনানি সম্ভবত সোমবার, সব মামলা শোনা হবে একসঙ্গে জানিয়েছেন CJI

বৃহস্পতিবার নয়াদিল্লিতে EPFO-র সদর দফতরে অনুষ্ঠিত CBT-র ২৪০তম বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। EPFO-র মতে, এই উদ্যোগের মাধ্যমে অবসরপ্রাপ্ত সদস্যরা তাঁদের সঞ্চিত অর্থকে নিয়মিত ও অনুমানযোগ্য আয়ের উৎসে পরিণত করতে পারবেন। একই সঙ্গে মূল সঞ্চিত অর্থের মালিকানাও তাঁদের হাতেই থাকবে।

Continues below advertisement

বর্তমানে EPFO-র সদস্যরা ৫৮ বছর বয়সের পর তাঁদের জমা হওয়া সম্পূর্ণ PF-এর টাকা তুলে নিতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রেই সদস্যরা এককালীন সেই টাকা তুলে নেন। অন্যদিকে, যাঁদের প্রায় ১০ বছরের যোগ্য চাকরির মেয়াদ রয়েছে, তাঁরা Employees' Pension Scheme (EPS)-এর আওতায় মাসিক পেনশন পাওয়ার সুযোগ পান। এই পেনশন প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে জমা থাকা অর্থের থেকে আলাদা।

নতুন SWP চালু হলে অবসরপ্রাপ্ত সদস্যরা তাঁদের PF-এর টাকা নির্দিষ্ট সময় অন্তর তুলতে পারবেন। EPFO-র বক্তব্য, যাঁদের পক্ষে এককালীন বড় অঙ্কের টাকা পরিচালনা করা কঠিন, তাঁদের জন্য এই ব্যবস্থা বিশেষভাবে সহায়ক হতে পারে। এর ফলে অবসরের পর নিয়মিত আয়ের একটি নির্ভরযোগ্য উৎস তৈরি হবে।

SWP-এর কার্যকরী নিয়ম বা বিস্তারিত পদ্ধতি এখনও প্রকাশ করেনি EPFO। তবে আগে প্রকাশিত প্রস্তাব সংক্রান্ত রিপোর্ট অনুযায়ী, সদস্যদের জন্য তিন ধরনের বিকল্প থাকতে পারে।

প্রথমত, প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে জমা থাকা সম্পূর্ণ অর্থ নির্দিষ্ট সময় অন্তর কিস্তিতে তোলার সুযোগ থাকতে পারে। দ্বিতীয়ত, সদস্যরা চাইলে প্রথমে কিছু টাকা তুলে নিতে পারবেন। বাকি অর্থ নির্দিষ্ট সময় অন্তর কিস্তিতে তোলার সুযোগ থাকবে। তৃতীয়ত, প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে জমা থাকা মূল অর্থ অপরিবর্তিত রেখে শুধুমাত্র সেখান থেকে অর্জিত সুদের টাকা তোলার বিকল্পও থাকতে পারে।

SWP-এর আওতায় টাকা পাওয়ার সময় কোনও সদস্যের মৃত্যু হলে তাঁর নমিনি বা নির্ভরশীল ব্যক্তি দুটি বিকল্পের মধ্যে একটি বেছে নিতে পারবেন। তাঁরা চাইলে অ্যাকাউন্টে অবশিষ্ট সম্পূর্ণ টাকা তুলে নিতে পারবেন। অথবা নির্দিষ্ট সময় অন্তর কিস্তিতে টাকা পাওয়া চালিয়ে যেতে পারবেন।

আগের রিপোর্ট অনুযায়ী, EPFO-র অভ্যন্তরীণ হিসাব বলছে, ৫৫ বছরের বেশি বয়সি এবং PF অ্যাকাউন্টে ৫ লক্ষ টাকার বেশি জমা রয়েছে, এমন প্রায় ৬ লক্ষ ৩২ হাজার সদস্য সরাসরি এই পরিকল্পনার সুবিধা পেতে পারেন। তবে SWP চালুর নির্দিষ্ট নিয়ম, কিস্তির পরিমাণ এবং টাকা তোলার সময়সীমা সম্পর্কে EPFO-র বিস্তারিত নির্দেশিকার অপেক্ষা করতে হবে।