নয়া দিল্লি: পনির কিনছেন, অথচ সেটি আদৌ দুধ থেকে তৈরি কি না—এবার সেই বিষয়েই আরও কড়া নিয়ম আনার প্রস্তাব করল ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)। ২২ সেপ্টেম্বর ২০২৬-এর গেজেট বিজ্ঞপ্তিতে পনিরের মতো দেখতে বা ব্যবহারযোগ্য, কিন্তু দুধের উপাদান দিয়ে তৈরি নয়—এমন অ্যানালগ বা বিকল্প পণ্যের ক্ষেত্রে ‘Paneer’ শব্দ ব্যবহারে বিধিনিষেধ আনার খসড়া প্রস্তাব করা হয়েছে।

Continues below advertisement

FSSAI-এর প্রস্তাব অনুযায়ী, ‘Analogue in Dairy Context’ শ্রেণিতে ইতিমধ্যে লাইসেন্সপ্রাপ্ত বা নিবন্ধিত পণ্যগুলির নামকরণ, লেবেলিং বা বিপণনে ‘Paneer’ শব্দের ব্যবহার বন্ধ করতে হবে। অর্থাৎ, পনিরের মতো দেখতে কোনও বিকল্প খাদ্যপণ্যকে শুধু ‘পনির’ নামে বাজারজাত করে ক্রেতাকে বিভ্রান্ত করা যাবে না।

কেন এই প্রস্তাব?

Continues below advertisement

FSSAI-এর বক্তব্য, কোনও পণ্যের প্রকৃতি ও উপাদান নিয়ে গ্রাহকের বিভ্রান্তি রুখতেই এই সংশোধনের প্রস্তাব করা হয়েছে। খসড়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পনির হিসেবে পরিচিত পণ্যের সঙ্গে দুধের উপাদান ও গঠনের যে প্রত্যাশা তৈরি হয়, তা যাতে অন্য ধরনের পণ্যের ক্ষেত্রে ভুলভাবে প্রয়োগ না হয়, সেদিকে নজর রাখা হচ্ছে।

প্রস্তাবিত সংশোধনে Food Safety and Standards (Prohibition and Restriction on Sales) Regulations, 2011-এ নতুন একটি ধারা যোগ করার কথা বলা হয়েছে। সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে—“দুধ থেকে উৎপন্ন উপাদান দিয়ে তৈরি নয় এমন পনির”—এই ধরনের পণ্যের ক্ষেত্রে ‘পনির’ শব্দ ব্যবহারে বিধিনিষেধ থাকবে।

এখনই কি বাজার থেকে ‘অ্যানালগ পনির’ বন্ধ?

না। এটি এখনও চূড়ান্ত নিষেধাজ্ঞা নয়। FSSAI-এর প্রকাশিত নথিটি একটি খসড়া সংশোধনী প্রস্তাব। বিজ্ঞপ্তি প্রকাশের পর নির্দিষ্ট সময়ের মধ্যে সাধারণ মানুষ বা সংশ্লিষ্ট পক্ষের কাছ থেকে আপত্তি ও পরামর্শ নেওয়া হবে।

গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী, খসড়া নিয়মটি প্রকাশের তারিখ থেকে ৬০ দিন পর বিষয়টি বিবেচনা করা হবে। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের মতামত জানাতে পারবেন।

কোন পণ্যের ক্ষেত্রে প্রভাব পড়তে পারে?

যে সমস্ত পণ্য দুধ থেকে তৈরি নয়, কিন্তু পনিরের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়, সেগুলি এই প্রস্তাবের আওতায় আসতে পারে। বিশেষ করে ‘Analogue in Dairy Context’ শ্রেণিতে লাইসেন্সপ্রাপ্ত বা নিবন্ধিত পণ্যের ক্ষেত্রে ‘Paneer’ শব্দটি নাম, লেবেল বা মার্কেটিংয়ে ব্যবহার করা যাবে কি না, তা নিয়ে নতুন বিধিনিষেধ কার্যকর হতে পারে।

অর্থাৎ, ভবিষ্যতে বাজারে পনির কিনতে গেলে শুধু পণ্যের নাম নয়, লেবেলে উপাদান এবং পণ্যের শ্রেণিবিভাগও দেখে নেওয়া আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।