কলকাতা: দীর্ঘ মেয়াদের জন্য বিনিয়োগ করতে চাইলে SIP বা Systematic Investment Plan হল অন্যতম গুরুত্বপূর্ণ বিকল্প। তবে কোনও মিউচুয়াল ফান্ডে একবার বিনিয়োগ শুরু করেছেন বলে সেই ফান্ডেই বিনিয়োগ চালিয়ে যেতে হবে, এমনটা কখনওই নয়। আবার অনেকদিন একই ফান্ডে বিনিয়োগ করছেন বলে সেই বিনিয়োগ সরিয়ে ফেলতে হবে, এমনও নয়। বরং এই সময়টিকে আপনার বিনিয়োগ কেমন ফল করছে তা দেখার জন্য ও আপনার আগামীর লক্ষ্য পর্যালোচনার সুযোগ হিসেবে দেখা যেতে পারে।

Continues below advertisement

আরও পড়ুন: অর্থনৈতিক স্বাধীনতা চান, নিয়মিত বেতন না পেলেও কীভাবে সামলাবেন নিজের ও পরিবারের সব খরচ?

৫ বছর কোনও একটি নির্দিষ্ট ফান্ডে বিনিয়োগ থাকার পর সবার আগে দেখতে হবে গত ৫ বছর ওই ফান্ডটি তার বেঞ্চমার্ক ও তার ক্যাটেগরির অন্যান্য ফান্ডের তুলনায় কেমন পারফর্ম করছে। যদি পারফর্ম্যান্স ধারাবাহিক ভাবে ভাল থাকে, তাহলে শুধু ৫ বছর পূরণ হয়ে গিয়েছে বলেই যে ওই ফান্ড বদল করতে হবে, এমন নয়।

Continues below advertisement

এর সঙ্গে সময় বদলের সঙ্গে সঙ্গে যে কোনও মানুষের একাধিক জিনিস বদলে যায়। ফলে যে ফান্ডটি আগে আপনি সিলেক্ট করেছিলেন, সেই ফান্ডটি এখনও আপনার বিনিয়োগের লক্ষ্য, আপনার ঝুঁকি নেওয়ার ক্ষমতা এবং এখনও কতদিন বিনিয়োগ করতে চাইছেন, তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, সেটাও গুরুত্বপূর্ণ। আপনার আর্থিক লক্ষ্য যদি এখনও বহু বছর দূরে থাকে এবং ফান্ডের ঝুঁকির মাত্রা উপযুক্ত থাকে, তাহলে SIP চালিয়ে যাওয়া যেতে পারে।

ফান্ডের ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি, ফান্ড ম্যানেজমেন্ট এবং পোর্টফোলিও তৈরির পদ্ধতিতেও নজর রাখা দরকার। মূল স্ট্র্যাটেজি অপরিবর্তিত থাকলে বিনিয়োগ ধরে রাখতেই পারেন।

তবে হ্যাঁ, দীর্ঘ সময় ধরে কোনও ফান্ড যদি ধারাবাহিকভাবে বেঞ্চমার্ক ও ক্যাটাগরির অন্যান্য ফান্ডের থেকে অনেকটা পিছিয়ে থাকে, তাহলে বিষয়টি পর্যালোচনা করা জরুরি। তবে কয়েক মাসের দুর্বল পারফরম্যান্স দেখেই সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। ফান্ডের আভ্যন্তরীণ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি বা ফান্ডের ম্যানেজমেন্টে বড় পরিবর্তন হলেও নতুন করে মূল্যায়ন প্রয়োজন। কারণ আপনি যে কারণে এই ফান্ডটি বেছে নিয়েছিলেন, সেই কারণটি হয়তো আর আগের ঠিকঠাক নেই।

আরও পড়ুন: চাকরি যাওয়া বা অন্য কোনও কারণে SIP-র পেমেন্ট মিস করলে কী হয় আপনার বিনিয়োগের?

আপনার আর্থিক লক্ষ্য যদি কাছে চলে আসে, তাহলে অনেক বেশি ঝুঁকির ইক্যুইটি ফান্ডে বিনিয়োগের বদলে তুলনামূলক কম ঝুঁকির কোনও ফান্ডে ধীরে ধীরে বিনিয়োগ সরানোর প্রয়োজন হতে পারে। সিদ্ধান্তটি নির্ভর করবে আপনার লক্ষ্য, বিনিয়োগ তোলার আগে আপনার হাতে কতদিন রয়েছে ও আপনার ঝুঁকি নেওয়ার ক্ষমতার উপর। তাই পাঁচ বছর পূর্ণ হওয়াকে ফান্ড বদলের কারণ না বানিয়ে, পারফরম্যান্স, কৌশল এবং নিজের আর্থিক লক্ষ্য—এই তিনটি বিষয় নিয়মিত পর্যালোচনা করাই বেশি গুরুত্বপূর্ণ।