কলকাতা: ব্যাঙ্কের লেনদেন থেকে শুরু করে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা, এমনকী মোবাইলের সিম কার্ড নেওয়া—বিভিন্ন ক্ষেত্রে আধার কার্ড গুরুত্বপূর্ণ নথি হিসেবে ব্যবহৃত হয়। ফলে আধারের ব্যবহার যত বাড়ছে, ততই বাড়ছে ব্যক্তিগত তথ্যের অপব্যবহারের আশঙ্কা। আপনার অজান্তে কেউ আপনার আধার নম্বর ব্যবহার করছে না তো? কিন্তু এমন যদি হয় কীভাবে বুঝবেন?
আরও পড়ুন: বাবার মুদির দোকান, পাশে ছিল পরিবার, এবার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় দ্বিতীয় হয়ে SDM হলেন অনন্যা
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা UIDAI এই বিষয়ে আধার কার্ড হোল্ডারদের সাবধান করেছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে এমন কোনও কিছু ঘটছে কি না, সেটা খেয়াল রাখার জন্য নিয়মিত আধারের অথেন্টিকেশন হিস্ট্রি পরীক্ষা করা জরুরি। এর মাধ্যমে আধার নম্বর ব্যবহার করে হওয়া বিভিন্ন অথেন্টিকেশন রিকোয়েস্টের তথ্য দেখতে পারবেন আধার কার্ড হোল্ডাররা।
UIDAI-এর সরকারি ওয়েবসাইট uidai.gov.in এবং myAadhaar পোর্টালের মাধ্যমে সহজেই এই তথ্য দেখা যায়। এর জন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।
প্রথমে UIDAI-এর ওয়েবসাইটে গিয়ে Aadhaar অথেন্টিকেশন হিস্ট্রি অপশনে সিলেক্ট করতে হবে। এরপর নির্দিষ্ট জায়গায় নিজের ১২ সংখ্যার আধার নম্বর অথবা ১৬ সংখ্যার Virtual ID (VID) দিতে হবে। তারপর স্ক্রিনে দেখানো ক্যাপচা বা নিরাপত্তা কোড দিতে হবে। এরপর আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে আসা OTP দিয়ে সাবমিট করতে হবে।
লগ ইন করার পর আধার নম্বর ব্যবহার করে হওয়া অথেন্টিকেশন Request-এর রেকর্ড দেখা যাবে। সেখানে লেনদেনের তারিখ, সময়, অথেন্টিকেশন-এর ধরন, কারা এই অথেন্টিকেশন করেছে তার বিবরণ এবং সেই স্টেটাস রিকোয়েস্ট সম্পর্কে তথ্য পাওয়া যায়। UIDAI-এর এই পরিষেবায় গত ছয় মাসের অথেন্টিকেশন হিস্ট্রি দেখা যায়। একবারে সর্বোচ্চ ৫০টি রেকর্ড দেখা সম্ভব।
অথেন্টিকেশন হিস্ট্রি পরীক্ষা করার সময় এমন কোনও অনুরোধ দেখতে পেলে, যা আপনি করেননি বা যার বিষয়ে কিছু জানেন না, তাহলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। প্রথমে সংশ্লিষ্ট লেনদেনের তারিখ, সময় এবং অন্যান্য তথ্য ভালোভাবে যাচাই করুন। এরপর ওই অনুরোধের সঙ্গে যুক্ত পরিষেবা প্রদানকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করে জানতে চান, কেন আপনার আধার তথ্য ব্যবহার করা হয়েছে।
সন্তোষজনক উত্তর না পেলে UIDAI-এর নির্ধারিত অভিযোগ জানানোর মাধ্যমে অভিযোগ জমা দিতে পারেন। এ ছাড়া UIDAI-এর টোল-ফ্রি নম্বর ১৯৪৭-এ ফোন করেও বিষয়টি জানানো যায়। অভিযোগ জানানোর সময় সংশ্লিষ্ট Transaction Reference এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিলে কর্তৃপক্ষের পক্ষে বিষয়টি বুঝতে সুবিধা হবে।
আধারের অপব্যবহার রুখতে UIDAI বেশ কিছু নিরাপত্তা ব্যবস্থা রেখেছে। তার মধ্যে অন্যতম হল নিজের বায়োমেট্রিক লক করে দেওয়া। এই সুবিধা চালু করলে আঙুলের ছাপ এবং চোখের মণির মাধ্যমে বায়োমেট্রিক অথেন্টিকেশন বন্ধ থাকে। ব্যবহারকারী নিজে আনলক না করা পর্যন্ত এই পদ্ধতিতে অথেন্টিকেশন করা সম্ভব নয়। myAadhaar পোর্টাল এবং mAadhaar অ্যাপের মাধ্যমে এই সুবিধা ব্যবহার করা যায়।
এ ছাড়া আধার নম্বর লক করে অথেন্টিকেশন-এর ক্ষেত্রে Virtual ID (VID) ব্যবহার করতে পারেন। অপ্রয়োজনে কাউকে আধার কার্ডের ফটোকপি দেওয়া থেকেও বিরত থাকা উচিত। পরিচয় যাচাইয়ের জন্য সম্পূর্ণ আধার নম্বরের প্রয়োজন না হলে Masked Aadhaar ব্যবহার করা যেতে পারে। এতে আধার নম্বরের প্রথম আটটি সংখ্যা ঢাকা থাকে এবং কেবল শেষ চারটি সংখ্যা দেখা যায়।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আধার অথেন্টিকেশনের জন্য আসা OTP কখনও অন্য কাউকে দেবেন না। ফোন বা মেসেজের মাধ্যমে কেউ OTP জানতে চাইলেও তা দেওয়া উচিত নয়। নিয়মিত অথেন্টিকেশন হিস্ট্রি পরীক্ষা এবং UIDAI-এর নিরাপত্তা ব্যবস্থাগুলি ব্যবহার করলে আধার সংক্রান্ত তথ্যের অপব্যবহারের ঝুঁকি কমানো সম্ভব।
