কলকাতা : আজ শেষ হচ্ছে এপ্রিল মাস। শুক্রবার, ১ মে ২০২৬ থেকে শুরু হচ্ছে নতুন মাস। আর প্রতি মাসের শুরুতেই যেমন কিছু আর্থিক ও প্রশাসনিক নিয়মে বদল আসে, তেমনই এবারও কার্যকর হতে চলেছে একাধিক নতুন নিয়ম। এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম থেকে শুরু করে সিএনজি-পিএনজি, ক্রেডিট কার্ড, অনলাইন গেমিং এবং ব্যাঙ্ক ছুটির তালিকা— একাধিক ক্ষেত্রে পরিবর্তনের প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। এক নজরে দেখে নেওয়া যাক ১ মে থেকে কী কী বদল হচ্ছে।

Continues below advertisement

 এলপিজি সিলিন্ডারের দামে বদল

প্রতি মাসের প্রথম দিনে সরকারি তেল সংস্থাগুলি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম সংশোধন করে। সেই নিয়ম মেনেই ১ মে ২০২৬ থেকেও নতুন দাম ঘোষণা হতে পারে। যদিও এখনও পর্যন্ত নতুন দামের আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের ওঠানামার কারণে রান্নার গ্যাসের দাম বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। গ্যাসের দাম বাড়লে তার প্রভাব পড়তে পারে বাড়ির রান্নার খরচ থেকে শুরু করে হোটেল-রেস্তরাঁর খাবারের দামেও। পাশাপাশি বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়লে ব্যবসায়ী মহলেও চাপ বাড়তে পারে।

Continues below advertisement

 সিএনজি ও পিএনজি-র দামেও পরিবর্তনের সম্ভাবনা

এলপিজির পাশাপাশি ১ মে থেকে সিএনজি (CNG) এবং পিএনজি (PNG)-র দামও সংশোধন করা হতে পারে। প্রতি মাসের শুরুতেই তেল সংস্থাগুলি নতুন দর ঘোষণা করে থাকে। এপ্রিল মাসের শুরুতে দাম বৃদ্ধি হলেও পরে কিছুটা কমানো হয়েছিল। এবার ফের দাম বাড়লে তার সরাসরি প্রভাব পড়তে পারে গাড়িচালক, ক্যাব পরিষেবা এবং সাধারণ যাত্রীদের উপর।

  বদলাচ্ছে ক্রেডিট কার্ডের নিয়ম

১ মে থেকে ক্রেডিট কার্ড সংক্রান্ত একাধিক নতুন নিয়ম কার্যকর করছে দেশের বৃহত্তম ব্যাঙ্ক State Bank of India। ব্যাঙ্কের ওয়েবসাইট অনুযায়ী, এবার বিলম্বিত পেমেন্ট চার্জ এবং বার্ষিক ফি-তে পরিবর্তন আনা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী: 

  • ১০০ টাকার বেশি এবং ৫০০ টাকা পর্যন্ত বকেয়া থাকলে ১০০ টাকা লেট পেমেন্ট চার্জ লাগবে।
  • ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত বকেয়ার ক্ষেত্রে ৫০০ টাকা চার্জ ধার্য করা হবে।

এছাড়াও কিছু ক্রেডিট কার্ডে ৪৯৯ টাকা বার্ষিক ফি চালু রাখা হয়েছে, যা নির্দিষ্ট বার্ষিক খরচের শর্ত পূরণ করলে ফেরত পাওয়া যেতে পারে।

 চালু হচ্ছে নতুন অনলাইন গেমিং বিধি

১ মে ২০২৬ থেকে কার্যকর হচ্ছে নতুন অনলাইন গেমিং বিধি। নতুন নিয়ম অনুযায়ী তৈরি হচ্ছে “Online Gaming Authority of India”। পাশাপাশি অনলাইন গেমকে তিনটি আলাদা বিভাগে ভাগ করা হবে:

  • Online Money Game
  • Online Social Game 
  • E-Sports

সরকারের দাবি, এই নিয়মের ফলে অনলাইন গেমিং সেক্টরে আরও স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ আসবে।

 মে মাসে একাধিক ব্যাঙ্ক ছুটি

১ মে থেকে ব্যাঙ্ক ছুটির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে গ্রাহকদের। Reserve Bank of India-এর ছুটির তালিকা অনুযায়ী, মে মাসে একাধিক সরকারি ও আঞ্চলিক ছুটি রয়েছে। এছাড়া প্রতি রবিবার এবং মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে। ফলে বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা দিনে ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকতে পারে। তাই ব্যাঙ্কে যাওয়ার আগে সংশ্লিষ্ট শাখা খোলা আছে কি না, তা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। 

আরও পড়ুন :  'একদল লাইসেন্সপ্রাপ্ত গুণ্ডা' কেন্দ্রীয় বাহিনীকে শাণিত আক্রমণ, উদয়নারায়ণপুরের বুথে বৃদ্ধ-মৃত্যু নিয়ে বিস্ফোরক অভিষেক