কলকাতা: কোনও ৪০ বছর বয়সের ব্যক্তির যদি কোনও অবসরের জন্য প্রয়োজনীয় ফান্ড না থাকে, তাহলে দুশ্চিন্তা হওয়া খুব স্বাভাবিক বিষয়। তবে এই বয়সে এসেও যে কেউ প্রয়োজনীয় ফান্ড তৈরি করতে পারে। যাতে ৬০ বছরের পর কেউ যদি অবসর নেন, তাহলে তাঁর আগামী বছরগুলোতে তেমন টাকার অভাব হবে না। কিন্তু কীভাবে হবে সেই পরিকল্পনা?

Continues below advertisement

আরও পড়ুন: অভিযোগের সুরাহা করতে ব্যাঙ্ক যদি দেরি করে, আপনি পেতে পারেন দৈনিক ৫ হাজার টাকা পর্যন্ত ক্ষতিপূরণ

প্রথমেই নিজের বর্তমান খরচ, আগামীতে জীবনযাত্রার কেমন খরচ হতে পারে, চিকিৎসা এবং অন্যান্য প্রয়োজন হিসাব করতে হবে। যেমন ধরা যেতে পারে, এখন মাসে ৭০ হাজার টাকা খরচ হলে ও বার্ষিক মুদ্রাস্ফীতি ৬ শতাংশ ধরে নিলে, ২০ বছর পরে একই জীবনযাত্রা বজায় রাখতে মাসিক খরচ প্রায় ২ লক্ষ ২৫ হাজার টাকা হতে পারে। এই হিসাব অনুযায়ী, অবসরের পর ৩০ বছর চলার জন্য প্রায় ৮ কোটি টাকার তহবিলের প্রয়োজন হতে পারে। তবে প্রকৃত অঙ্ক নির্ভর করবে মুদ্রাস্ফীতি, বিনিয়োগের রিটার্ন এবং ব্যক্তিগত খরচের উপর।

Continues below advertisement

কীভাবে গড়বেন অবসরকালীন তহবিল?

দীর্ঘমেয়াদি লক্ষ্যে মিউচুয়াল ফান্ডে নিয়মিত SIP-এর মাধ্যমে বিনিয়োগ করা যেতে পারে। আয় বাড়ার সঙ্গে সঙ্গে বিনিয়োগের পরিমাণও বাড়ালে চক্রবৃদ্ধি হারে সম্পদ বৃদ্ধির সুযোগ তৈরি হয়। পাশাপাশি পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এবং কর্মচারীদের ক্ষেত্রে EPF-এর মতো অবসরকালীন সঞ্চয় প্রকল্পও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

অবসরের সময় যত এগিয়ে আসবে, ততই বিনিয়োগের ঝুঁকি পর্যালোচনা করে পোর্টফোলিওতে তুলনামূলক স্থিতিশীল সম্পদের অনুপাত বাড়ানোর কথা ভাবা যেতে পারে। তবে মিউচুয়াল ফান্ড, সোনা বা অন্যান্য বাজারনির্ভর বিনিয়োগে নিশ্চিত রিটার্ন নেই। এর ছাড়াও সেখান থেকে আসা উপার্জনের উপর করের বিষয়টিও মাথায় রাখা জরুরি।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, দেরিতে শুরু হয়েছে বলে হাল ছেড়ে দেওয়া নয়। নিজের আয় ও সামর্থ্য অনুযায়ী পরিকল্পনা তৈরি করে নিয়মিত বিনিয়োগ শুরু করুন। প্রয়োজন হলে আর্থিক বিশেষজ্ঞের পরামর্শ নিন।

(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)