কলকাতা: রাস্তায় বেরোলেই পেট্রোল পাম্প স্টেশন আমাদের রোজই চোখে পড়ে। যাঁদের নিজের গাড়ি রয়েছে, তাঁদের তো গাড়িতে তেল ভরানোর জন্য পেট্রোল পাম্প স্টেশনে নিত্য যাতায়াত লেগেই থাকে। কিন্তু আপনারা কখনও কি ভেবে দেখেছেন পেট্রোল পাম্প স্টেশনে যে আপনি গাড়িতে তেল ভরাচ্ছেন, সেই সময়ে পাম্পের তেলের ঘনত্বের পরিমাপ কী ছিল? এই বিষয়গুলি সম্পর্কে জ্ঞান থাকা অত্যন্ত জরুরি কারণ এই ঘনত্বের উপর কিন্তু পাম্পের তেলের গুণমান নির্ভর করে। আর এই ঘনত্বের মাত্রার তারতম্য হলে এর প্রত্যক্ষ প্রভাব পড়তে পারে আপনার গাড়িতে। এর ফলে আপনার অজান্তেই আপনার গাড়ির ক্ষতি অবশ্যম্ভাবী।
পেট্রোল ডেনসিটি বা পেট্রোলের ঘনত্ব কী?
পেট্রোল ডেনসিটি হল একক আয়তনে পেট্রলের ভর, যা সাধারণত কিলোগ্রাম প্রতি ঘনমিটার (kg/m³) এককে প্রকাশ করা হয়। এটি যে শুধু জ্বালানির কার্যকারিতাকে প্রভাবিত করে তা নয়, এটি স্টোরেজ, পরিবহন ও দহন দক্ষতার ওপরও প্রভাব ফেলে। সঠিক ঘনত্বে থাকা পেট্রোল বা ডিজেল নির্বাচন করলে ইঞ্জিনের স্বাস্থ্য যেমন ভালো থাকে তেমন অনেক বেশি সময় অবধি এটি কর্মক্ষম থাকে। আর তা না হলে অনেকক্ষেত্রে গাড়ির ইঞ্জিন খারাপ হয়ে যাওয়া থেকে শুরু করে মাইলেজ কম হতে থাকার মতো সমস্যা শুরু হতে পারে।
কীভাবে পেট্রোলের ঘনত্ব মাপা হয়?
পেট্রোলের ঘনত্ব সাধারণত ১৫° সেলসিয়াসে পরিমাপ করা হয়। ভারতে অনেক পেট্রোল পাম্প স্টেশনে সাধারণত পাম্পে তেলের ঘনত্ব দেখতে পাওয়া যায়। যদি তা না পান, সেক্ষেত্রে নির্ভুল তথ্যের জন্য আপনি জ্বালানি সরবরাহকারীদের থেকে এই সংক্রান্ত ডাটাশিট চেয়ে পরীক্ষা করে দেখতেই পারেন। কারণ কেন্দ্রের নিয়ম অনুযায়ী, তেলের ঘনত্ব নির্ধারিত সীমার মধ্যেই রাখতে হবে। অন্যথায় সেখান থেকে তেল ভরানো বন্ধ করে দেওয়াই শ্রেয়।
পেট্রোলের ঘনত্ব কত থাকা উচিত?
ভারতে ভালো মানের পেট্রোলের ঘনত্ব 720–775 kg/m³ এর মধ্যে থাকা উচিত। এই ঘনত্বে থাকলে সেই জ্বালানি ব্যবহারযোগ্য এবং যানবাহনের জন্য ভালো বলেই মনে করা হয়।
আপনার সাধের গাড়ি তখনই ভালো থাকবে যদি সেই গাড়ির ইঞ্জিন ভালো থাকে। তাই গাড়ির জ্বালানির মান যদি খারাপ হয় তবে তার সরাসরি প্রভাব পড়বে ইঞ্জিনে, এমনকি সেটি ধীরে ধীরে খারাপও হয়ে যেতে পারে। সেক্ষেত্রে এবার থেকে গাড়িতে তেল ভরাতে গেলে তার ঘনত্ব অবশ্যই যাচাই করে নিন এবং নির্ধারিত সীমার মধ্যে থাকা জ্বালানি ব্যবহার করুন। সতর্ক হন।