পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ, দাম বাড়ল উচ্চমানের পেট্রোলের। আজ থেকেই দাম বেড়ে গেল উচ্চমানের পেট্রোলের। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রিমিয়াম পেট্রোলের দাম লিটার প্রতি প্রায় ২-২.৩ টাকা বাড়ানো হয়েছে। অন্যদিকে সাধারণ পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে।

Continues below advertisement

ডিলারদের দেওয়া তথ্য এবং কয়েকটি নির্দিষ্ট শহরের প্রতিবেদনে দাবি, এই মূল্যবৃদ্ধি ইন্ডিয়ান অয়েলের XP ৯৫ এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামের পাওয়ার পেট্রোলের মতো প্রিমিয়াম পেট্রোলের ক্ষেত্রে প্রযোজ্য। সংশোধিত মূল্য ২০ মার্চ থেকে কার্যকর হচ্ছে। 

ডিলাররা জানিয়েছেন, প্রতি লিটারে ২ থেকে ২.৩ টাকা পর্যন্ত দাম বেড়েছে । কিছু কিছু জায়গায় প্রিমিয়াম পেট্রোল ভ্যারিয়েন্টের ক্ষেত্রে প্রতি লিটারে প্রায় ২.০৯ টাকা মূল্যবৃদ্ধির খবর পাওয়া গেছে। এ ধরনের জ্বালানী সাধারণত ব্যবহার হয় এমন যানবাহনে, যেগুলোর জন্য উন্নত ইঞ্জিন দক্ষতা দরকার। যদিও স্বস্তির খবর একটাই সাধারণ জ্বালানির দাম এখনও স্থিতিশীল। প্রধান শহরগুলোতে সাধারণ পেট্রোল ও ডিজেলের দামে কোনো পরিবর্তন হয়নি। বিশ্বব্যাপী অপরিশোধিত তেল বা ক্রুড অয়েলের দাম ওঠানামা করলেও সাধারণ পেট্রোলের  মূল্য আপাতত অপরিবর্তিত রয়েছে। 

Continues below advertisement

পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার দরুণ বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাচ্ছে। এছাড়া জ্বালানি সরবরাহে সমস্যা অন্যতম উদ্বেগের কারণ। সেই জন্যই প্রিমিয়াম জ্বালানির মূল্যবৃদ্ধি ঘটছে বলে মনে করা হচ্ছে। ভারত তার প্রয়োজনীয় অপরিশোধিত তেলের একটি বড় অংশ বিদেশ থেকে আমদানি করে। 

এর মধ্যেই গ্যাসের জোগান নিয়েও দেখা দিয়েছে সংশয়। কাতারের LNG সেক্টরে ইরানের মিসাইল হানায় উৎপাদন মার খেয়েছে ১৭%। কাতার থেকে সবচেয়ে বেশি গ্যাস আমদানি করে ভারত, ফলে জোগানে টান পড়ার আশঙ্কা রয়েছে। 

অন্যদিকে কলকাতা একধাক্কায় ৮ টাকা বাড়ল অটোর LPG-র দাম। পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাবে এই নিয়ে গত ২ সপ্তাহে মোট দাম বাড়ল ১৩ টাকা! অটো চালকদের অভিযোগ, ভোররাত থেকে লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস।  কলকাতায় যেন জীবনযুদ্ধে নামতে হয়েছে অটো চালকদের। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে লাইনে।  ফলে প্রভাব পড়ছে পরিষেবায়। আর যাত্রীদের আশঙ্কা, এবার অটোর দাম বাড়ল বলে !

গত ২ সপ্তাহে দু'বারে ১৩ টাকা বাড়ল অটোর LPG-র দাম। কলকাতায় এখন লিটার প্রতি অটোর LPG কিনতে হচ্ছে প্রায় ৭১ টাকায়। অভিযোগ, লাফিয়ে লাফিয়ে দাম বাড়লেও, অটোয় গ্যাস ভরাতে নাজেহাল অবস্থা হচ্ছে অটো চালকদের। ফলে শহরের বিভিন্ন রুটে অটোর ভাড়াও ৫-১০  টাকা পর্যন্ত বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।