পুণে: তিন বছরের শিশুপুত্রকে ধর্ষণ ও খুনের অভিযোগ এবার। অভিযুক্ত এক নাবালক। মহারাষ্ট্রের পুণে থেকে ফের এমন নক্ক্যারজনক ঘটনা সামনে এল। স্যুটকেসের মধ্যে রাখা ছিল ছোট্ট ছেলেটির দেহ। চলতি সপ্তাহে এই নিয়ে দ্বিতীয় এমন ঘটনা সামনে এল। এর আগে, চার বছর বয়সি শিশুকন্যাকে ধর্ষণে গ্রেফতার করা গয় ৬৫ বছরের এক বৃদ্ধকে। (Puna Minor Boy Assaulted)
গত ১ মে, শুক্রবার এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। বাড়ির বাইরে খেলছিল একরত্তি ছেলেটি। হঠাৎই আর খুঁজে পাওয়া যাচ্ছিল না তাকে। পরিবারের লোকজন গোটা এলাকায় তল্লাশি চালান। কিন্তু কোথাও পাওয়া যায়নি শিশুটিকে। শেষ পর্যন্ত থানায় অভিযোগ জানানো হয়। এর পর নতুন করে তল্লাশি অভিযান শুরু হলে, ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ির কাছের একটি বাড়ি থেকে ছেলেটির দেহ উদ্ধার হয়। (Maharashtra POCSO Case)
আরও পড়ুন: চলন্ত বিমান থেকে ঝাঁপ যাত্রীর, ভোররাতে ভয়ঙ্কর ঘটনা চেন্নাই বিমানবন্দরে
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, খুনের আগে ধর্ষণ করা হয় ছেলেটিকে। ভারতীয় ন্যায় সংহিতার ধারা ১০৩-১ (খুন), ২৩৮ (অপরাধের প্রমাণ লোপাট) এবং যৌন নির্যাতন থেকে শিশু সুরক্ষার আইনের (POCSO) একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে।
সিসিটিভি ফুটেজ এবং অন্য গোপন তথ্য ধরে অভিযুক্তের নাগাল পায় পুলিশ। অভিযুক্ত নাবালক বলে জানা গিয়েছে। সে আদতে বিহারের বাসিন্দা। ট্রেন ধরে পালানোর চেষ্টা করছিল। তার আগেই পুলিশের হাতে ধরা পড়ে। অভিযুক্ত অপরাধ কবুল করেছে বলে দাবি পুলিশের। চকোলেট দেওয়ার নাম করে ছোট্ট ছেলেটিকে সে নিয়ে যায় বলে জানা গিয়েছে।
যে বাড়ি থেকে ছোট্ট ছেলেটির দেহ উদ্ধার হয়, খোঁজাখুঁজির সময় সেখানে গিয়েছিলেন তার মা। কিন্তু অভিযুক্ত তাঁকে বিভ্রান্ত করে এবং অন্যত্র যেতে ইন্ধন দেয় বলে খবর। পুলিশ জানিয়েছে, ধর্ষণের পর কুপিয়ে তিন বছরের ছেলেটিকে খুন করে অভিযুক্ত। এর পর স্যুটকেসে দেহ পুরে রাখে।
ঘটনাচক্রে, এই ঘটনা যেদিন ঘটে, সেদিনই চার বছর বয়সি শিশুকন্যাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পুণের কাছে গ্রামে খাবারের লোভ দেখিয়ে মেয়েটিকে গোশালায় নিয়ে যায় অভিযুক্ত। ধর্ষণের পর পাথর দিয়ে থেঁতলে খুন করে মেয়েটিকে। এর পর গোবরের নীচে চাপা দিয়ে দেয় মেয়েটির নিথর দেহ। আগেও অভিয়ুক্তের নামে এমন একাধিক অভিযোগ ছিল। তার পরও সে কী ভাবে অবাধে ঘুরে বেড়াচ্ছিল, প্রশ্ন ওঠে। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।
