কলকাতা পুরসভার স্ক্যানারে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি ও তাঁর পরিবারের সদস্যদের সম্পত্তি। সূত্রের খবর, মোট ১৭টি ঠিকানায় নোটিস পাঠিয়েছে কলকাতা পুরসভা।  হরিশ মুখার্জি রোড, কালীঘাট রোড, প্রেমেন্দ্র মিত্র সরণি, পণ্ডিতিয়া রোড, এবং ওস্তাদ আমির খান সরণির একাধিক ঠিকানায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা-বাবা  ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্ডসের নামে কলকাতা পুরসভা ১৭টা নোটিস পাঠায় KMC। 

Continues below advertisement

সম্প্রতি একাধিক সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি ছিল, কলকাতাজুড়ে “লিপস অ্যান্ড বাউন্ডস”-এর একাধিক সম্পত্তির খোঁজ মিলেছে। সেই সঙ্গে আমতলায় “প্রাসাদের মতো অফিস”-এর কথাও উল্লেখ করেছিলেন তিনি। পাশাপাশি আগের সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তোলেন শুভেন্দু।

এই আবহেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের  ৭টি ঠিকানায় নোটিস পাঠাল পুরসভা।  তার মধ্যে রয়েছে ১বি উস্তাদ আমির খান সরণির একটি ঠিকানা। সেখানে রয়েছে ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর অফিস। অতীতে এই অফিসে ED-র অভিযানও হয়েছিল। এছাড়াও ৩৭ পণ্ডিতিয়া রোডের একটি আবাসনেও নোটিস পাঠানো হয়েছে বলে সূত্রের দাবি। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ের নামে দু’টি নোটিস ইস্যু করা হয়েছে বলেও জানা যাচ্ছে। কিন্তু কলকাতা পুরসভা তো এখনও তৃণমূলের শাসনে ! কলকাতার মেয়রের আসনে রয়েছেন ফিরহাদ হাকিম। তিনি কি জানতেন, অভিষেকের এতগুলি  সম্পত্তির ঠিকানায় নোটিস পাঠিয়েছে কলকাতা পুরসভা? সূত্রের দাবি, কালীঘাটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কলকাতা পুরসভা নোটিস পাঠাচ্ছে, অথচ মেয়রই কিছু জানেন না।  ফিরহাদ হাকিম বলেন,'আমরা পলিসি তৈরি করি, KMC আইনে,... এই বিষয়ে আমার কাছে কোনও তথ্য নেই।'

Continues below advertisement

এই ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করেছেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর অভিযোগ, এতদিন যিনি প্রকাশ্যে বড় বড় কথা বলতেন, এবার তাঁর নিজের সম্পত্তি নিয়েই প্রশ্ন উঠছে। বেআইনি নির্মাণ বা নথি সংক্রান্ত কোনও অসঙ্গতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।                              

অন্যদিকে, বিষয়টি নিয়ে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ও। তাঁর কথায়, এই প্রশ্নের উত্তর অভিষেক বন্দ্যোপাধ্যায়ই দিতে পারবেন। সব মিলিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সম্পত্তিতে KMC-র নোটিস ঘিরে রাজনৈতিক চাপানউতোর ক্রমশ তীব্র হচ্ছে। আগামী দিনে এই বিতর্ক কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।