কলকাতা: রাজ্যে ক্ষমতাবদলের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে একাধিক অভিযোগ দায়ের হয়েছে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুর, কালীতলা ও বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের হয়েছিল। সেই ৩টি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচ দিল আদালত।
এদিন কলকাতা হাইকোর্টের তরফে বলা হয়েছে, কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে অন্তর্বর্তী স্থগিতাদেশ, নির্দেশ আদালতের। বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন, অভিষেকের বিরুদ্ধে ভবানীপুর, শিলিগুড়ি এবং বিষ্ণুপুর থানায় যে মামলাগুলি রয়েছে, সেগুলিতে তাঁর বিরুদ্ধে পুলিশ এখনই কোনও কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারবে না।
গত বৃহস্পতিবার মামলাটির শুনানিতে অভিষেকের তরফে একযোগে সমস্ত এফআইআর-এ রক্ষাকবচ দাবি করা হলে তা মৌখিকভাবে খারিজ করেছিলেন বিচারপতি। আদালত পর্যবেক্ষণ জানিয়েছিল, বিভিন্ন পৃথক অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া সমস্ত মামলা একসঙ্গে যুক্ত করে সার্বিক ভাবে রক্ষাকবচ দেওয়া সম্ভব নয়। শুভেন্দুর প্রসঙ্গ টেনে সুরক্ষাকবচের পক্ষে সওয়াল করেন, তখন বিচারপতি সৌগত ভট্টাচার্য মন্তব্য করেন, ‘‘শুভেন্দু অধিকারীর উদাহরণ দেবেন না। সব পক্ষের বক্তব্য না শুনে আদালত কোনও চূড়ান্ত নির্দেশ দেবে না।’’
অন্যদিকে, বিদেশে চোখের চিকিৎসার জন্য যাওয়ার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত ২০ জুলাই হাইকোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জি খারিজ করেছিল। এখনও শুনানির জন্য এই আর্জি সুপ্রিম কোর্টের তালিকাভুক্ত হয়নি।
হাই কোর্ট চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার জন্য ছাড়পত্র দেয়নি। এই বিষয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার শুনানিতে আদালত কী জানায়, সেদিকেই নজর সবার। উল্লেখ্য, এর আগে অমিত শাহ সম্পর্কে ‘অপমানজনক’ মন্তব্য করা নিয়ে অভিষেকের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় তাঁর বিদেশযাত্রার উপর স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। শুধু তাই নয়, দেওয়া হয় রক্ষাকবচও।
