রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: গুরুমারা অভয়ারণ্য সংলগ্ন লাটাগুড়ি এলাকায় রিসর্টে প্রশাসনের হানা। উদ্ধার করা হল মেয়াদ ফুরিয়ে যাওয়া ও নষ্ট বেশ কিছু খাবার। পর্যটন মরশুমের আগে লাটাগুড়ির একাধিক বেসরকারি রিসর্টে আচমকা অভিযান চালালো প্রশাসন। মাল মহকুমাশাসক উৎকর্ষ খান্ডালের নেতৃত্বে বিভিন্ন দফতরের আধিকারিকরা রিসর্টগুলির রান্নাঘর ও খাদ্য সংরক্ষণের জায়গায় তল্লাশি চালান।

Continues below advertisement

অভিযানে বেশ কয়েকটি রিসর্টের রান্নাঘর থেকে মেয়াদ ফুরিয়ে যাওয়া খাবারের সামগ্রী পাওয়া গিয়েছে। এছাড়াও অনেক খাবার নষ্ট হয়ে গিয়েছে, এমনও মিলেছে। নষ্ট হয়ে যাওয়া খাদ্যসামগ্রী উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি একাধিক খাদ্যসামগ্রীর নমুনায় পোকা পাওয়া গিয়েছে বলেও অভিযোগ উঠেছে। অভিযান চলাকালীন রান্নাঘরে ব্যবহৃত খাদ্যসামগ্রী, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের ব্যবহার সহ সরকারি নির্দেশিকা মেনে খাদ্য সংরক্ষণ করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখেন আধিকারিকেরা।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া খাদ্যসামগ্রীর নমুনা পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হবে। পরীক্ষার রিপোর্টে কোনও অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট রিসর্টের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, গরুমারা জাতীয় উদ্যানের প্রবেশদ্বার হিসেবে পরিচিত লাটাগুড়িতে প্রতি বছর বিপুল সংখ্যক পর্যটক ভিড় করেন। ফলে রিসর্ট ও হোটেলগুলিতে খাদ্যের গুণমান  ও স্বাস্থ্যবিধি নিয়ে প্রশাসনের এই অভিযান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Continues below advertisement

উল্লেখ্য়, খাস কলকাতায় সদাব্যস্ত তথ্যপ্রযুক্তি তালুক থেকে শুরু করে শহরতলির মধ্যমগ্রাম, পর্যটনকেন্দ্র দীঘাতেও খাদ্য দফতরের আধিকারিক ও ফুড সেফটি অফিসারদের অভিযানে মঙ্গলবার উদ্ধার করা হয় প্রচুর পচা মাংস। গতকাল খাদ্য দফতরের আধিকারিক ও ফুড সেফটি অফিসারদের অভিযানের পর আজও চলছে অভিযান। বিধাননগর দক্ষিণ থানা এলাকার বিভিন্ন দোকানে অভিযানে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। অভিযানে বিধাননগর পুর নিগম ও খাদ্য সুরক্ষা দফতর। সল্টলেকের বিভিন্ন দোকানে চলছে তল্লাশি, কেক-পেস্ট্রির দোকানে অভিযান।  রাজারহাট চৌমাথায় বিভিন্ন খাবারের দোকানে চলে অভিযান। সেখানে একটি বিরিয়ানির দোকান থেকে পচা মাংস উদ্ধার হয়। পশ্চিম বর্ধমানের পানাগড় ও অণ্ডালে বেশ কিছু দোকানে নোটিস দেয় খাদ্য সুরক্ষা দফতর। একাধিক দোকানে অভিযান চালান কাঁকসা থানার আইসি, কাঁকসার বিডিও-সহ একাধিক অফিসার। সংগ্রহ করা হয় খাবারের নমুনা।

এদিন হুগলির রিষড়ার একটি বিরিয়ানির দোকানে গিয়ে কার্যত হতবাক হয়ে যান আধিকারিকরা। দেখা যায়, সেখানে বিক্রি হচ্ছে হলুদ রঙের বিরিয়ানি! রং মেশানো সেই বিরিয়ানি সঙ্গে সঙ্গে ফেলে দেওয়ার নির্দেশ দেন তাঁরা।