ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতে না কাটতেই ফের বঙ্গোপসাগরে নতুন সিস্টেম তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে ! নভেম্বরের শেষ সপ্তাহে আন্দামান সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে  IMD। কী জানালেন IMD-র ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র? টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ১৯ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত  আবহাওয়া পূর্বাভাসে বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। নভেম্বরের শেষের দিকে আন্দামান সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় এই আবহাওয়া ব্যবস্থা তৈরি হতে পারে।

Continues below advertisement

তবে এই সম্ভাব্য সিস্টেমের নির্দিষ্ট অবস্থান, শক্তি কিংবা গতিপথ নিয়ে এখনও কোনও নিশ্চিত পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর। IMD-র ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, আপাতত বর্ধিত পূর্বাভাসে সম্ভাব্য সিস্টেমটির উল্লেখ করা হয়েছে মাত্র। এর বেশি  তথ্য দেওয়ার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। মৃত্যুঞ্জয় মহাপাত্রের কথায়, “এই সম্ভাব্য সিস্টেম সম্পর্কে আরও বিস্তারিত পূর্বাভাস দেওয়ার জন্য এখনই খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আগামী বুলেটিনগুলির দিকে নজর রাখতে হবে।”

অর্থাৎ, বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা থাকলেও সেটি শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে অনেকের মনেই প্রশ্ন, এ বছর বঙ্গোপসাগরে একের পর এক ঘূর্ণিঝড় কেন? মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, সাধারণত অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে চার থেকে পাঁচটি ঘূর্ণিঝড় তৈরি হয়। চলতি বছর ইতিমধ্যেই তিনটি ঘূর্ণিঝড় অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে প্রভাব ফেলেছে। আবহাওয়া বিশেষজ্ঞর মতে, এবছরের আবহাওয়ার পরিস্থিতির সঙ্গে ১৯৮৭ সালের শক্তিশালী এল নিনো পরিস্থিতির বেশ কিছু মিল রয়েছে। এই অস্বাভাবিক আবহাওয়ার পিছনে এল নিনোর প্রভাব থাকতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন IMD-র ডিজি।

Continues below advertisement

এল নিনো পরিস্থিতির প্রভাব পড়ছে গোটা বিশ্বের আবহাওয়াতেই। আকভানের প্রভাব কাটার পর নতুন করে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনায় নজর রাখছেন আবহবিদরা। তবে এই মুহূর্তে বাংলার জন্য নতুন কোনও ঘূর্ণিঝড়ের সতর্কতা আপাতত নেই । সম্ভাব্য ঘূর্ণাবর্তের অবস্থান, শক্তি এবং গতিপথ স্পষ্ট না হওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গে তার প্রভাব কতটা পড়তে পারে, তা বলা সম্ভব নয়। তাই আপাতত আতঙ্কিত হওয়ার কারণ নেই। নতুন আবহাওয়ার সিস্টেম সম্পর্কে পরবর্তী বুলেটিনে কী জানায় IMD, সেদিকেই নজর থাকবে।