কলকাতা : পশ্চিমবঙ্গে প্রথমবার বিজেপি সরকার ক্ষমতায় এসেই জানিয়েছিল অন্নপূর্ণা যোজনার টাকা, যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন সকলেই পাবেন । এ কথা নিজে জানিয়েছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কিন্তু পরবর্তীতে সরকার জানায় , লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের তালিকায় বিস্তর গড়মিল আছে। বহু অন্যায্য প্রাপক আছেন, জেলায় জেলায় ধরা পড়ে বহু পুরুষ-প্রাপকও। তখনই সরকার সিদ্ধান্ত নেয়, প্রত্যেককেই নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। তারপর নথি পরীক্ষা করে টাকা হস্তান্তর। কিন্তু এর ফলে অনেকেই এখনও যোজনার টাকা পাননি বলে অভিযোগ করছেন। যদিও জুন ও জুলাই মাসে, দুই দফায় বহু মহিলাই পেয়ে গিয়েছেন অন্নপূর্ণা যোজনার টাকা। কিন্তু এখনও যাঁরা পাননি, তাঁদের নিয়ে কী ভাবছে বিজেপি? জানিয়ে দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
তিনি জানালেন, অন্নপূর্ণা যোজনার সুবিধা যেন প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছায়, সেই লক্ষ্যেই শুরু হচ্ছে বিজেপি মহিলা মোর্চার নতুন কর্মসূচি — ‘বৈঠকে আড্ডা’। এই বিষয়ে বিস্তারিত জানালেন, নগরোন্নয়ন ও পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। বললেন, রাজ্য সরকার শুরু থেকেই চেয়েছিল, লক্ষ্মীর ভাণ্ডারের সব প্রকৃত উপভোক্তাই যেন অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা পান। সেই সময় আমি মন্ত্রী ছিলাম। আমিও এ কথা বলেছিলাম, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও একই কথা বলেছিলেন। কিন্তু পরে দেখা যায়, যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তাঁদের মধ্যে এমন অনেকেই রয়েছেন, যাঁদের এই সুবিধা পাওয়ার কথা নয়। অগ্নিমিত্রা আরও বলেন, 'প্রথম দিন থেকে বলেছিলাম যে আমরা চাই, যারা যারাই লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে তারাই সবাই অন্নপূর্ণা পাবে ... কিন্তু পরে দেখলাম যে যারা যারা পেয়ে এসেছে লক্ষ্মীর ভাণ্ডার, তারা অনেকে পুরুষ। আবার তারা অনেকে মহিলা যাদের পাওয়ার কথাই নয়, তারা ইনকাম ট্যাক্স দিচ্ছেন। সুতরাং তারপরেই কিছু কিছু নিয়ম আমরা চেঞ্জ করেছি। কিন্তু এখন যে সমস্যা আমরা অনেকের কাছ থেকে শুনছি, যারা যাদের পাওয়ার কথা, কিন্তু তারা পাচ্ছে না। 'মন্ত্রীর অভিযোগ, 'যারা আগের সরকারের এখনো তোষামোদি করে চলছে এবং তারা যারা জেনুইন তাদের নামগুলো তুলছে না, আপলোড করা হচ্ছে না। সেই সমস্যা যখন মাননীয় মুখ্যমন্ত্রী জানলেন, উনি পরিষ্কার নির্দেশ দিয়ে দিয়েছেন, সেরকম যদি কোনো হয় স্পেসিফিকালি আপনারা লিখে জানান তাদেরকে দিয়ে দেওয়া হবে।'
তবে বর্তমানে আরেকটি সমস্যা সামনে এসেছে। অনেক প্রকৃত যোগ্য ব্যক্তি, যাঁদের এই সুবিধা পাওয়ার কথা, তাঁরা এখনও অন্নপূর্ণা প্রকল্পের আওতায় আসতে পারেননি। অভিযোগ উঠেছে, প্রশাসনের কিছু স্তরে এখনও এমন ব্যক্তিরা রয়েছেন, যাঁরা প্রকৃত উপভোক্তাদের নাম তালিকাভুক্ত বা আপলোড করছেন না। এই বিষয়টি মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে আসার পর তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন— যদি এমন কোনও নির্দিষ্ট অভিযোগ থাকে, তাহলে লিখিতভাবে জানাতে হবে। অভিযোগ যাচাই করে প্রকৃত যোগ্য ব্যক্তিদের অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা নিশ্চিত করা হবে।
