অরিন্দম সেন, আলিপুরদুয়ার: এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় সাক্ষী থাকল আলিপুরদুয়ার দুই ব্লকের শামুকতলা থানার পুটিমারি গ্রাম। সোমবার রাত ২ টা ১৮ মিনিটে এক মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটে ৩১সি জাতীয় সড়কের পুটিমারি সেন্ট্রাল ব্যাংকের সামনে। 

Continues below advertisement

এই পথ দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যু এবং চালক মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে জানা যায়। ২৩-২৫ বয়সি মৃত ওই তিন যুবকের একজন রাজাভাতখাওয়ার বাসিন্দা, বালিরা আলিপুরদুয়ার জংশনের। 

জানা যায়, গভীর রাতে ভয়ঙ্কর গতির গাড়িটি  সেন্ট্রাল ব্যাঙ্কের সামনে একটি বটগাছে এসে ধাক্কা মারে । ভয়ঙ্কর শব্দে গাড়িটি দুমরে মুচড়ে তিনটি খণ্ডে বিভক্ত হয়ে যায়। জানা যায়, ওই গাড়িটি প্রবল বেগে ৩১টি জাতীয় সড়ক ধরে আলিপুরদুয়ার শহর থেকে বারবিশার দিকে যাচ্ছিল। ধাক্কা মারার পর ন্যাশনাল হাইওয়ের ওপরেই ছিটকে পড়ে ক্ষতবিক্ষত তিন যুবক।

Continues below advertisement

খবর পেয়ে শামুকতলা রোড ফাঁড়ির পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছয় কিছুক্ষণের মধ্যেই। তাঁদেরকে উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে গেলে তিনজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। গাড়ির চালক প্রচন্ড জখম অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তাকে আলিপুরদুয়ার থেকে কোচবিহার মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। সকাল থেকেই ঘটনাস্থলে এলাকার বাসিন্দাদের ভিড়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বিকট আওয়াজে ঘুম ভেঙে যায়। বাইরে বেরিয়ে দেখা যায় এক মর্মান্তিক দৃশ্য।                               

এত রাতে কেন তারা জাতীয় সড়ক ঘুরে দুরন্ত বেগে ছুটে যাচ্ছিল সেটা জানার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত তিনজনেরই বাড়ি আলিপুরদুয়ার এবং সংলগ্ন এলাকায়। নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর ফলেই এই দুর্ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান।               

মৃত যুবকদের বন্ধু সূত্রে দাবী, সোমবার রাতে আলিপুরদুয়ার শহরে পিকনিকের পর এরা চা পানের উদ্দেশ্যে রওনা হয়েছিল বারোবিশার দিকে। সেইসময় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।                             

মৃতরা হলেন, পার্থিব ঘোষ ২৪), অভিজিৎ দাস (২৪), দ্বীপ দাস (২৩)। গুরুতর জখম বিনয় পাল চৌধুরী (২৩)।