কলকাতা : দুর্গাপুজোর মধ্য়ে শনিবারই রাজ্য়ে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুই দিনের রাজ্য় সফরে শনিবার সন্ধেয় কলকাতায় আসছেন তিনি। বিজেপি সূত্রে খবর, বিকেলে  গুজরাতের আমদাবাদ থেকে বিমানে চড়বেন তিনি। কলকাতা পৌঁছবেন রাত ৮টা ১০ মিনিট নাগাদ। রবিবার ঠাকুর দেখা থেকে বেলুড় মঠ দর্শন, একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। হাওড়া, উত্তর কলকাতা ও দক্ষিণ কলকাতার বেশ কয়েকটি বারোয়ারি পুজো মণ্ডপেও যাওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর প্রথম পুজো। মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি আসতে পারেননি। কিন্তু রবিবার একাধিক পুজো মণ্ডপে যাবেন শাহ।              

Continues below advertisement

শনিবার কলকাতা  বিমানবন্দরে তাঁকে স্বাগত জানানোর জন্য় থাকার কথা মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্য় বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যর। রাতে দক্ষিণ কলকাতার আলিপুরে রাজ্য সরকারের অতিথিআলিপুরের সৌজন্য়ে থাকবেন তিনি।       

রবিবার সকাল থেকেই শুরু হবে বিভিন্ন ধর্মীয় স্থান ও দুর্গাপুজোর মণ্ডপ পরিদর্শন। সপ্তমী তিথিতে প্রথমে বেলুড় মঠের দুর্গাপুজোয় অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে  ঘণ্টাখানেক থেকে হাওড়ার বালি দেশবন্ধু ক্লাবের পুজো মণ্ডপে যাবেন তিনি। দুপুরে চেতলা ২৪ পল্লির দুর্গাপুজোর প্য়ান্ডেল পরিদর্শন করবেন অমিত শাহ। এরপর কলকাতায় এসে শোভাবাজার রাজবাড়ি ও শ্রীভূমির পুজো মণ্ডপে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রবিবার বিকেলেই দিল্লি ফিরবেন অমিত শাহ। এই সফরে তাঁর কোনও রাজনৈতিক বা প্রশাসনিক কর্মসূচি নেই বলেই জানিয়েছে রাজ্য বিজেপি সূত্র।                    

Continues below advertisement

মহালয়ার দিনও পশ্চিমবঙ্গের মানুষকে দুর্গাপুজোর শুভেচ্ছা জানিয়েছিলেন শাহ। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, '' পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনার সন্ধিক্ষণে মহালয়ায় ধ্বনিত হচ্ছে মা দুর্গার আগমনী বার্তা। মায়ের আশীর্বাদে প্রতিটি জীবন ভরে উঠুক অফুরন্ত আনন্দ, সুখ ও সমৃদ্ধিতে। ''  মহালয়ায় কলকাতায় আসার কথা থাকলেও শেষ মুহূর্তে কাজের জন্য আসতে পারেননি তিনি। তবে পুজোয় একাধিক মণ্ডপে ঘুরবেন তিনি। এর আগেও দুর্গাপুজোয় কলকাতায় এসেছেন অমিত শাহ। গত বছরও কলকাতায় এসে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করেন তিনি। এবার তাঁর পরিদর্শনের তালিকায় একাধিক পুজো মণ্ডপ।