কলকাতা: আগামীকাল অমিত শাহ কলকাতায় আসছেন। বিজেপি সূত্রে খবর, আগামীকালই জয়ী প্রার্থীদের সঙ্গে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বৈঠক করবেন শাহ। রাজ্য বিজেপি পদাধিকারীদের সঙ্গে রয়েছে পৃথক বৈঠক। ঘরোয়া ভাবে বসবেন শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীর সঙ্গেও।
এদিকে, মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জল্পনা চলছে। এরমধ্যেই, এবিপি আনন্দের হাতে এসেছে বিজেপি সরকারের সম্ভাব্য মন্ত্রিসভার তালিকা। সূত্রের খবর, মন্ত্রী হতে পারেন অগ্নিমিত্রা পাল, রূপা গঙ্গোপাধ্যায়, শঙ্কর ঘোষ, দিলীপ ঘোষ থেকে স্বপন দাশগুপ্ত, শারদ্বত মুখোপাধ্যায়, দীপাঞ্জন চক্রবর্তীরা। স্পিকার পদের জন্য ভাবা হয়েছে তাপস রায়ের নাম।
শমীক ভট্টাচার্য জানিয়েছিলেন, '৯ তারিখ ব্রিগেড প্য়ারেড গ্রাউন্ডে সকাল দশটার সময় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির আরও সিনিয়র নেতৃবৃন্দ তাঁদের অত্যন্ত বর্ণময় উপস্থিতিতে এই শপথগ্রহণ অনুষ্ঠানটা হবে'। বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ বলেছিলেন, 'আমাদের যে বিধায়করা জিতেছেন, সেই বিধায়কদের সঙ্গে আমাদের আনুষ্ঠানিকভাবে আমাদের মুখ্যমন্ত্রী যে ঘোষণা হবে বা দলনেতা যে ঘোষণা হবেন, সেই সিলমোহর দিতে অমিত শাহজি আসছেন'।
সূত্রের খবর, মন্ত্রিসভায় বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব রাখতে চাইছে বিজেপি। ২৫ বৈশাখ ব্রিগেডে শপথ নেবে নতুন বিজেপি সরকার। বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ ২০টি রাজ্য়ের মুখ্য়মন্ত্রী।প্রথম ঐতিহাসিক বিজেপি সরকারের শপথ গ্রহণের রাজকীয় তোড়জোড় চলছে।
১৯৭৭ সালে বাম সরকার শপথ নেওয়ার পর, ২৬ জুন এই ব্রিগেডেই বামফ্রন্টের বিজয় সভা হয়েছিল! এই ব্রিগেড ইন্দিরা গান্ধী ও মুজিবর রহমানের যৌথ সভার সাক্ষী থেকেছে। এই ব্রিগেড পূর্বতন সোভিয়েত উইনিয়নের দুই শীর্ষ নেতা নিকিতা ক্রুশ্চেভ ও নিকোলাই বুলগানিনের ঐতিহাসিক সভার সাক্ষী হয়েছে। এই ব্রিগেড দেখেছে ইন্দিরা বিরোধী জয়প্রকাশ নারায়ণ, জ্যোতি বসু, প্রফুল্ল সেনদের ঐতিহাসিক সভা! এবার আরও এক ইতিহাসের সাক্ষী হবে ব্রিগেড। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমিতে বিজেপির প্রথম সরকারের শপথ গ্রহণ। তার আগে নির্বাচিত হবে বিজেপির পরিষদীয় দলের নেতা।
