Continues below advertisement

ব্যারাকপুর : নাজিরাবাদে ভয়ানক অগ্নিকাণ্ডের ঘটনায় 'ওয়াও মোমো'র গোডাউনের দায়িত্বে থাকা ম্যানেজার ও ডেপুটি ম্যানেজারকে গ্রেফতার করেছে  নরেন্দ্রপুর থানার পুলিশ। কিন্তু, ওয়াও মোমোর মালিককে কেন গ্রেফতার করা হচ্ছে না? শুক্রবারই এই প্রশ্ন তুলেছিলেন শুভেন্দু অধিকারী। শনিবার ব্যারাকপুরের সভা থেকে ঠিক এই প্রশ্নই তুলে দিলেন অমিত শাহ। সেই সঙ্গে স্পষ্ট বলে দিলেন, আনন্দপুরের অগ্নিকাণ্ড কোনও দুর্ঘটনা নয়। বিজেপি ক্ষমতায় এলে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িতদের খুঁজে খুঁজে জেলে পাঠাবে।   ভোটমুখী বাংলায় আনন্দপুরের অগ্নিকাণ্ড, এত এত মানুষের জ্যান্ত ছাই হয়ে যাওয়া সত্যিই জ্বলন্ত ইস্যু। আর এই ঘটনাকে সামনে রেখে প্রতিবাদে রাস্তায় নেমেছে বিজেপি। প্রশ্ন তুলেছে, এখনও পর্যন্ত সেই মালিককে কেন গ্রেফতার করা হয়নি? মানুষকে মনে করিয়ে দিয়েছে, এই ওয়াও মোমোর মালিকই ছিলেন মমতার বিদেশ সফর সঙ্গী। একই লাইন ধরে এদিন আক্রমণ শানালেন অমিত শাহও। তিনি প্রশ্ন তুললেন, 'কী করে হল এই ঘটনা? কী করে হল? এই মোমো ফ্য়াক্টরির মালিকের ওপর কে বিনিয়োগ করেছেন?'

রাজ্য সরকারকে নিশানা করে ওয়াও মোমোর মালিকের গ্রেফতারির দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেদিনের ঘটনার বীভাৎসতার কথা তুলে ধরলেন আক্রমণাত্মক ভাষণে। 'ওই ঘটনায় আপনার দলের লোক সামিল আছেন। ৩২ ঘণ্টা পর একজন মন্ত্রী ঘটনাস্থলে পৌঁছেছেন। জলাজমির ওপর গোডাউন তৈরি করা হয়েছিল। গোডাউনের দরজা বাইরে থেকে বন্ধ করা ছিল নাকি খোলা ছিল? বন্ধ থাকলে কেন বন্ধ রাখা ছিল? ভিতরে মানুষ জ্বলতে থাকে, মরতে থাকে, চিৎকার করতে থাকে কিন্তু বেরোতে পারেনি। আমি মমতাজিকে বলতে চাই, পর্দা দিতে চান তো দিতে পারেন। এপ্রিল মাসের পর বিজেপির সরকার আসবে এবং অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িতদের খুঁজে খুঁজে জেলে পাঠানো হবে।'  এ বিষেয়ে শাহর ক্ষুরধার প্রশ্ন, 'মমতাজিকে জিজ্ঞেস করতে চাই..যদি তাদের মধ্যে কেউ অনুপ্রবেশকারী থাকতেন, তখনও আপনার এই ভূমিকাই থাকত? '                         পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত পর্যন্ত, আনন্দপুর থেকে উদ্ধার হয়েছে ২৬টি দেহাংশ ও ১টি দেহ। আরও ২৭ জন নিখোঁজ এখনও। ভোটমুখী পশ্চিমবঙ্গে অমিত শাহ বলে গেলেন, 'পশ্চিমবঙ্গের জনতা আপনাকে ক্ষমা করেব না...২৬-এর ভোটে তৃণমূল সরকারকে মূল সমেত উপড়ে ফেলতে হবে'। 

Continues below advertisement