সন্দীপ সরকার, কলকাতা: প্রাক্তন মেয়র ও পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের কারখানায় হানা দিল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী কমিশন। ফিরহাদের স্ত্রীর মার্বেল ও টাইলসের দোকানেও অভিযান চালিয়েছে কমিশনের আধিকারিকরা। মূলত ৩২এ এবং ৩৩ নম্বর টালিগঞ্জ সার্কুলার রোডের কারখানায় অভিযান চালিয়েছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী কমিশন। এদিন গোটা কারখানাই ঘুরে দেখেন তাঁরা। জমির চরিত্রে কী কী বদল হয়েছে, পুরসভার ম্যাপ মিলিয়ে তা খতিয়ে দেখা হচ্ছে। কারখানায় ওয়াকফ সম্পত্তি রয়েছে কিনা, খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
প্রাক্তন মেয়র ও পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের সংস্থা, হাকিম পলিমেকারস প্রাইভেট লিমিটেড এবং হাকিম ক্যামিক্যালস। ৩৩ নং টালিগঞ্জ সারকুলার রোডের, এই সংস্থায় আরও একবার হানা দিল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী কমিশন। যে কমিশন, রাজ্যে নতুন সরকার আসার পরে, গঠন করা হয়েছে। এই নতুন সরকারের আমলে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী কমিশন, গতমাসের ৩ তারিখেও একইভাবে তাঁরা অভিযান চালিয়েছিলেন। সেসময় বালিগঞ্জ সার্কুলার রোডের এই জমিতে নিজের প্রভাব খাটিয়ে, বেআইনি ভাবে এখানে ব্যবসা করা এবং তার দ্বারা দুর্নীতির অভিযোগ সামনে এসেছিল। একটা বিশাল এলাকা জুড়ে এই কারখানা। ওই কারখানায় নানান প্লাস্টিকজাত উপকরণ তৈরি হয়। এবং সেই কারখানায় সামগ্রী তৈরিতে দুর্নীতি রয়েছে, এমনটাই অভিযোগ জমা পড়েছে।
