আবির দত্ত, কলকাতা : ২০২৩ সালের রামনবমীর শোভাযাত্রাকে ঘিরে হুগলির রিষড়ায় অশান্তির ঘটনায় বড় পদক্ষেপ করল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। সোমবার সকালে আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বাড়িতে তল্লাশি চালানোর পর তাঁর স্বামী সাকির আলিকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, রিষড়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাকির আলির বিরুদ্ধে রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে। দীর্ঘ তদন্তের পর তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।
NIA-র একটি দল এদিন সকালে অপরূপা পোদ্দারের বাড়িতে পৌঁছে তল্লাশি চালায়। এরপর সেখান থেকেই সাকির আলিকে আটক করা হয়। পরে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে তদন্তকারী সংস্থা সূত্রে খবর।
উল্লেখ্য, ২০২৩ সালের রামনবমীর দিন হুগলির রিষড়া এলাকায় শোভাযাত্রাকে কেন্দ্র করে ব্যাপক অশান্তি ছড়ায়। সংঘর্ষ, ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। ঘটনার তদন্তভার পরে NIA-র হাতে যায়। সেই মামলার তদন্তেই এই গ্রেফতারি বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, দীর্ঘক্ষণের তল্লাশি, স্থানীয়দের জিজ্ঞাসাবাদ, প্রত্যক্ষদর্শীদের বয়ান ও কিছু নথির উত্তর ভিত্তি করেই এই গ্রেফতারি বলে জানা গিয়েছে। সেই সময় এই সাকির ও অপরূপার বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ করেছিল বিজেপিও। শুধু তারাই নন, শোনা যাচ্ছে, আরও অনেকের নামই জড়িয়েছে এই ঘটনায়।
তদন্তকারীরা এখন জানতে চাইছেন, ওই ঘটনার নেপথ্যে কোনও বৃহত্তর ষড়যন্ত্র বা উস্কানির ভূমিকা ছিল কি না। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে সেই সংক্রান্ত তথ্য জানার চেষ্টা করা হবে।
গত ২০২৩ এ রামনবমীর মিছিল ঘিরে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তি ছড়ায়। হাওড়া, হুগলি, ডালখোলা, শিবপুর ও শ্রীরামপুরে অশান্তি ছড়ায়। হুগলির রিষড়ায় রাম নবমীর মিছিল ঘিরে বড় অশান্তির ঘটনা ঘটে। ভাঙচুর, ইটবৃষ্টি, আগুন, বাদ যায়নি কিছুই। সেদিন হুগলির রিষড়ায় রাম নবমীর মিছিলে অংশ নেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। অভিযোগ, আচমকা এলাকায় অশান্তি বাধে। রিষড়ার বাঙুর পার্ক থেকে রাম নবমীর মিছিলে যোগ দেন দিলীপ ঘোষ-সহ বিজেপি নেতারা। মিছিল ওয়েলিংটন জুটমিলের কাছে পৌঁছতেই অশান্তি শুরু হয়। ইটবৃষ্টি, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে।পুলিশ এবং নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় জওয়ানরা দিলীপ ঘোষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যায। ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। এলাকায় উত্তেজনা ছিল বেশ কয়েকদিন। সেই দিনের ঘটনাতেই উস্কানি দেওয়ার প্রতিবাদে এবার পদক্ষেপ করল NIA ।
