Arabul Islam : ভোটের দিন ঘোষণার পর তৃণমূল ছাড়লেন সাসপেন্ডড তৃৃণমূল নেতা আরাবুল ইসলাম। 'আজ থেকে আমি তৃণমূল কংগ্রেস ত্যাগ করলাম, নতুন জীবন শুরু করছি। বহিষ্কার তো আগেও করেছে দল। এখন দল আরাবুল ইসলামকে চেনে না। ৫ বার আমার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। ৩ বার দল থেকে বহিষ্কার করা হয়েছে', মন্তব্য আরাবুল ইসলামের। প্রসঙ্গত উল্লেখ্য, অনেকদিন ধরেই দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল আরাবুল ইসলামের। এবার বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরেই তৃণমূল ছাড়লেন আরাবুল ইসলাম। 

Continues below advertisement

এবছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হবে ২ দফায়। ২৩ এপ্রিল প্রথম দফা, ১৫২টি আসনে। ২৯ এপ্রিল দ্বিতীয় দফা, ১৪২টি আসনে। ৪ মে হবে ভোটগণনা। 

প্রথম দফা (২৩ এপ্রিল) - ১৫২টি বিধানসভায় ভোট গ্রহণ হবে প্রথম দফায়। কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, বীরভূম, মালদা, মুর্শিদাবাদ, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে ভোট গ্রহণ করা হবে। 

Continues below advertisement

দ্বিতীয় দফা (২৯ এপ্রিল) - ১৪২টি বিধানসভায় ভোটগ্রহণ করা হবে। নদিয়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানে ভোট গ্রহণ করা হবে। 

বহু দিন পর এত কম দফায় নির্বাচন হতে চলেছে পশ্চিমবঙ্গে। ২০০১ এবং ২০০৬ সালে শেষ বার এক দফায় নির্বাচন হয়েছিল পশ্চিমবঙ্গে। ২০১১ সালে ৬ দফায়, ২০১৬ সালে ৭ দফায় এবং ২০২১ সালে ৮ দফায় নির্বাচন হয়। পশ্চিমবঙ্গের পাশাপাশি, এদিন আরও চার রাজ্যের ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে কমিশন। তবে একমাত্র পশ্চিমবঙ্গেই দুই দফায় ভোট হচ্ছে। বাকি রাজ্যগুলিতে ভোট হচ্ছে এক দফাতেই।

অসম, পুদুচেরি, তামিলনাড়ু কেরলে এক দফায় বিধানসভা নির্বাচন হবে এবছর। অসম, পুদুচেরি, কেরলে ভোট ৯ এপ্রিল। তামিলনাড়ুতে ২৩ এপ্রিল। ভোটগণনা ৪ মে। ৫ রাজ্যে মোট বিধানসভা আসন ৮২৪ এবং মোট ভোটার ১৭ কোটি ৪০ লক্ষ। রবিবার বিকেলে নির্বাচন কমিশনের তরফে সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে, '৫ রাজ্যে ১৭ কোটি ৫০ লক্ষ ভোটার রয়েছেন। স্বচ্ছ, অবাধ ভোট করাতে বদ্ধপরিকর কমিশন। ৮২৪টি বিধানসভা কেন্দ্রে এবার ভোট। ৭ মে পশ্চিমবঙ্গে বিধানসভার মেয়াদ শেষ। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ৬ কোটি ৪৪ লক্ষ ভোটার রয়েছে। বিবেচনাধীন ভোটারের নিষ্পত্তি হলে সাপ্লিমেন্টারি লিস্ট। ভোটের দিন ঘোষণার আগে সব দলের সঙ্গে কথা বলেছে কমিশন। ৫ রাজ্যে ২ লক্ষ ১৮ হাজার ৮০৭টি ভোটগ্রহণ কেন্দ্র। পশ্চিমবঙ্গে বিবেচনাধীন ভোটার প্রায় ৬০ লক্ষ। ভোটের জন্য থাকবেন ৮ লক্ষ ৫০ হাজার নিরাপত্তারক্ষী। অবৈধ ভোটার মুক্ত করতে SIR, ভোট দেবেন শুধু বৈধরাই। ১০০% বুথে ওয়েব কাস্টিং: মুখ্য নির্বাচন কমিশনার। প্রতি ২ ঘণ্টা অন্তর ভোটদানের হার ঘোষণা। গণনার পরে পরাজিত প্রার্থী চাইলে ভিভিপ্যাট দেখতে পারবে। ভোট করতে হবে সন্ত্রাসমুক্ত। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ৬ কোটি ৪৪ লক্ষ ভোটার।'