দক্ষিণ ২৪ পরগনা : বকখালিতে বেড়াতে নিয়ে গিয়ে বান্ধবীকে খুনের অভিযোগ। খুন করে মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। বালি খুঁড়ে উদ্ধার করা হয় দেহ। গ্রেফতার করা হয় যুবককে। অভিযুক্তের নাম জিয়ারুল সরদার। ৩ সপ্তাহ আগে নিখোঁজ। বকখালির সমুদ্র সৈকতে বালি খুঁড়ে মহিলার দেহ উদ্ধার। এই ঘটনায় জিয়ারুল সরদার নামে অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করল পুলিশ। তাঁরই দেখানো পথে বকখালির হেনরি আইল্যান্ড সংলগ্ন সমুদ্র সৈকত থেকে মৃতদেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, গত ২৬ মে, হেনরি আইল্যান্ডে বেড়াতে যান জিয়ারুল সরদার ও ওই মহিলা। ওইদিন জিয়ারুল বাড়ি ফিরে গেলেও ওই মহিলা আর বাড়ি ফেরেননি। এরপর পরিবারের তরফে বকুলতলা থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। তদন্তে নেমে বৃহস্পতিবার সকালে জিয়ারুল সরদারকে আটক করে পুলিশ। জেরায় আবিয়া বিবি নামে ওই মহিলাকে খুনের কথা স্বীকার করেন তিনি। এরপরই সমুদ্র সৈকত থেকে দেহ উদ্ধার করা হয়। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে অশান্তি থেকে খুন, অনুমান পুলিশের।
স্থানীয় সূত্রে খবর, ঘুরতে আসেন এই প্রেমিক-প্রেমিকা। তারপরই আর খোঁজ পাওয়া যায়নি মহিলার। জেরার সময় অভিযুক্ত জিয়ারুল সরদার জানায়, আবিয়া বিবিকে খুন করে সমুদ্রের ধারে একটি জঙ্গল এলাকায় মাটি খুঁড়ে পুঁতে দিয়েছেন। পুলিশ অভিযুক্তকে সেই জায়গায় নিয়ে গিয়ে তল্লাশি চালায়। তারপর দেহ উদ্ধার হয় মহিলার। পুলিশ সূত্রে খবর, শ্বাসরোধ করে খুন করতে পারে যুবক এবং খুনের পর মাটি খুঁড়ে পুঁতে দেয় মহিলাকে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে যুবককে। দেহ আজ ময়না তদন্তের জন্য পাঠান হয়েছে। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিনের বিবাহবহির্ভূত সিম্পর্ক ছিল দুজনের মধ্যে। এর জেরেই হয়ত খুন হয়েছে। তবে খুনের পেছনে আসল সত্য কী, তা খতিয়ে দেখছে পুলিশ।
