তুহিন অধিকারী, বাঁকুড়া:  এ কী কাণ্ড ! এ তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের জিনিস । দেখেই বলছেন বিশেষজ্ঞরা। সোমবার সকালে দামোদরের গর্ভ থেকে বালি তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ।  উদ্ধার হল ৩ টি মর্টার শেল।   বিশালাকার মর্টার শেলগুলি দেখে চক্ষুস্থির সকলের।  বাঁকুড়ার সোনামুখী থানার ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের রাঙ্গামাটি ফেরি ঘাট সংলগ্ন এলাকার ঘটনা। প্রতিদিনের মতো এদিনও পে লোডার দিয়ে তোলা হচ্ছিল বালি। তখনই বালির স্তরের মধ্যে থেকে শেলগুলি উঠে আসে। মর্টার শেলগুলি কি তাজা ? উত্তেজনা ছড়ায় । আর সঙ্গে সঙ্গেই আসে পুলিশ। পাছে কোনও দুর্ঘটনা ঘটে বালি দিয়ে শেলগুলিকে চাপা দিয়ে দেওয়া হয়।  জায়গাটিকে ঘিরে ফেলে পুলিশ। খবর দেওয়া হয় সেনাবাহিনীকেও। প্রাথমিক ভাবে বিশেষজ্ঞদের অনুমান শেলগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমকালীন। 

বাঁকুড়া জেলার দ্বারকেশ্বর ও দামোদর নদে বালি তোলার সময় একাধিক বার মর্টার শেল উদ্ধারের ঘটনা এই প্রথম নয়।  প্রত্যেকবারই উদ্ধার হয়েছে একটি বা দুটি শেল। এবার এক সঙ্গে ৩ টি মর্টার শেল উদ্ধার হল।    প্রাথমিকভাবে অনুমান শেলগুলির শক্ত লোহার খোলের মধ্যে বিস্ফোরক ঠাসা রয়েছে। দুর্ঘটনা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে আপাতত নদীর চরে বালি চাপা দিয়ে রাখা হয়েছে শেলগুলি। পাশাপাশি  নদীগর্ভের ওই এলাকা ফিতে দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। নজরদারির জন্য মোতায়েন করা হয়েছে পুলিশও।