ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও সমীরণ পাল, কলকাতা: বরানগরকাণ্ডে ধৃত ধরমবীর কুমারকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল ব্যারাকপুর মহকুমা আদালত। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে তরুণীর মোবাইল ফোন, সোনার গয়না ও ব্যাঙ্কের একাধিক কার্ড। ঘটনার পুনর্নির্মাণ করার পাশাপাশি, উদ্ধার হওয়া ফোনের ফরেন্সিক পরীক্ষা করার কথা ভাবছেন তদন্তকারীরা। 

Continues below advertisement

আরও পড়ুন, ভারী বর্ষণের আশঙ্কার মাঝেই পারদ পতনের পূর্বাভাস রাজ্যজুড়ে, জাঁকিয়ে শীত কবে ?

Continues below advertisement

খুন করার ২ দিন আগে দক্ষিণেশ্বরে এসে কী করেছিলেন ধরমবীর কুমার? ঘটনায় ধৃত যুবক একাই জড়িত, নাকি আরও কেউ? খুন হওয়া তরুণীর মোবাইল ফোন কেন নিয়ে গিয়েছিলেন অভিযুক্ত? ফোন থেকে কিছু কি ডিলিট করা হয়েছে? বরানগরকাণ্ডের তদন্তে নেমে এই সব প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিশ। জেরা করা হচ্ছে ধৃতকে। পুলিশ সূত্রে খবর, ধৃতকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হবে।দিল্লি থেকে ট্রানজিট রিমান্ডে আনার পর এদিন ধৃতকে তোলা হয় ব্যারাকপুর মহকুমা আদালতে। আদালত ৯ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তরুণীর মোবাইল ফোন, সোনার গয়না ও ব্যাঙ্কের একাধিক কার্ড।কিন্তু ঠিক কী কারণে খুন হলেন তরুণী?'পাবজি গেম'-এর সূত্রে ২ জনের মধ্যে কি ঢুকে পড়েছিলেন কোনও তৃতীয় ব্যক্তি?সম্পর্কের টানাপোড়েন নাকি অন্য কোনও কারণ? কোনও প্রশ্নেরই উত্তর এখনও মেলেনি। মঙ্গলবার রাতে বরানগরে বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অঞ্জলি সাউ নামে এক তরুণীর দেহ। তারপরও মৃতার হোয়াটসঅ্যাপ নম্বর থেকে একাধিক কল ও মেসেজ আসে বলে দাবি পরিবারের। মৃত তরুণীর ভাই বলেন, মোবাইলটায় Hi বলেছে। আমি বলছি কে? বলেছে কী জানার ইচ্ছা আছে বলুন। আগে বলুন জলদি বলুন। তারপর বলেছে সব বলে দেব আপনাকে। বলছে জিজ্ঞেস করে নাও জলদি না হলে ফোন সুইচ অফ করে দেব। এই বলে আবার বলল একটা কথা আবার বলছি, তোমার আশপাশেই থাকব কিন্তু তুমি খুঁজে পাবে না। এই বলল। লাস্ট বাই বলে ফোন অফ করে দিল। পুলিশ সূত্রে দাবি, মৃতার হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন ও মেসেজ করার কথা স্বীকার করেছেন ধৃত। পুলিশ সূত্রে খবর, অঞ্জলি সাউয়ের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ধরমবীরের। একসঙ্গে গ্রুপ করে 'পাবজি গেম' খেলতেন তাঁরা। পুলিশ সূত্রে দাবি, মঙ্গলবার অঞ্জলিই ধরমবীরকে বরানগরে জামাইবাবুর ফ্ল্যাটে ডেকেছিলেন। সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায়, দুপুর ১টা নাগাদ অঞ্জলি বিল্ডিংয়ে ঢোকেন। পরে ধরমবীরকেও একই বিল্ডিংয়ে ঢুকতে দেখা যায়। এরপর বিকেল চারটে নাগাদ ধরমবীর সেখান থেকে বেরিয়ে গেলেও, অঞ্জলিকে বেরোতে দেখা যায়নি।এরপরই বন্ধ ঘর থেকে উদ্ধার হয় তরুণীর অর্ধনগ্ন দেহ। শ্বাসরোধ করে খুন করা হয় তাঁকে। পুলিশ সূত্রে খবর, রবিবার সন্ধেয় কলকাতায় আসেন ধরমবীর। দক্ষিণেশ্বরের ময়ূর গেস্ট হাউসে উঠেছিলেন। মঙ্গলবারই সেই গেস্ট হাউস থেকেই বেরিয়ে যান। বৃহস্পতিবার দিল্লির আনন্দ বিহার স্টেশনের কাছ থেকে তাঁকে গ্রেফতার করা হয়।