কলকাতা: ভোটার তালিকায় বাবার থেকে ৫ বছর বেশি বয়স মেয়ের! শুনানিতে ডাকায় নদিয়ার কালীগঞ্জে বিএলওকে মারধরের অভিযোগ। গুরুতর আহত অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন বিএলও আলি সাহেব শেখ। 

Continues below advertisement

আরও পড়ুন, কাটোয়ায় ভস্মীভূত ট্রেনের কামরা ! তীব্র আক্রমণ তৃণমূলের, কী দাবি রেলের ?

Continues below advertisement

কমিশনের তথ্য অনুযায়ী বাবার থেকে মেয়ের বয়স ৫ বছর বেশি, শুনানিতে ডাকা হয় আরিফা বিবিকে। মহিলার সঙ্গে তাঁর বাবার কোনও লিঙ্ক মেলেনি, দাবি বিএলও-র। আরিফা বিবি অবৈধ ভোটার, নির্বাচন কমিশনকে জানান বিএলও। ভোটার তালিকায় নাম তোলার জন্য চাপ দেওয়া হচ্ছিল, দাবি কালীগঞ্জ ব্লকের আশাচিয়া গ্রামের ৮০/২২৫ বুথের বিএলও-র। নাম না তোলায় চড়াও আরিফা বিবির স্বামী আইতুল্লা শেখ সহ কয়েকজন। মাথায় আঘাত, রক্তাক্ত অবস্থায় উদ্ধার বিএলও। টাকার অফার দেওয়া হয়েছিল, অস্বীকার করায় মারধর, অভিযোগ বিএলও-র। অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে, জানালেন কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ)।

গতকাল শেষ হয়েছে SIR-এর শুনানি পর্ব। এনুমারেশন পর্বেই বাদ যায় ৫৮ লক্ষ ভোটারের নাম। নির্বাচন কমিশন সূত্রের খবর, এদিন দুপুর পর্যন্ত SIR-এর শুনানিতে অনুপস্থিত রইলেন প্রায় ৫ লক্ষ ভোটার। নথি যাচাইয়ের পর এখনও বাতিলের খাতায় দেড় লক্ষের বেশি ভোটার। এখন ভোটার তালিকা থেকে মোট কত নাম বাদ যায়, তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।  আর এসবের মাঝখানেই সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, SIR প্রক্রিয়ায় শেষ পর্যন্ত এ রাজ্যে কত ভোটারের নাম বাদ যাবে? নির্বাচন কমিশন সূত্রে খবর, আনম্যাপড ৩২ লক্ষ এবং লজিকাল ডিসক্রিপেন্সির তালিকায় থাকা ১ কোটি ৫১ লক্ষ ৯২ হাজার ৭৩৫ জনকে শুনানির জন্য ডাকা হয়েছিল। এর মধ্যে শনিবার দুপুর পর্যন্ত শুনানিতে আসেননি ৪ লক্ষ ৯৮ হাজারের মতো ভোটার। সূত্রের দাবি, তাদের নাম বাদ দেওয়া হবে। যাঁরা শুনানিতে অংশ নিয়ে নথি জমা করেছেন,কমিশন সূত্রে খবর, শনিবার সকাল পর্যন্ত, নথি যাচাই করে অযোগ্য এবং বাতিলের খাতায় রাখা হয়েছে আরও ১ লক্ষ ৬৩ হাজার মতো ভোটারকে। 

এখনও ১৫ লক্ষ ভোটারের নথি যাচাইয়ের কাজ বাকি রয়েছে। SIR-এর এনুমারেশন পর্ব শেষ হওয়ার পর, খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। তাতে ইতিমধ্যেই ৫৮ লক্ষ নাম বাদ গেছে।এর সঙ্গে জুড়তে পারে শুনানিতে অংশ না নেওয়া আরও ৪ লক্ষ ৯৮ হাজার ভোটারের নাম। পাশাপাশি এখনও পর্যন্ত বাতিলের খাতায় থাকা আরও ১ লক্ষ ৬৩ হাজার নামও যদি এর সঙ্গে যোগ হয়, তাহলে শনিবার পর্যন্ত ভোটার বাতিলের সংখ্যাটা মোটামুটি দাঁড়িয়েছে ৬৪ লক্ষ ৬০ হাজারের বেশি।