তীব্র রোদে গরম হয়ে বিস্ফোরণ, নাকি আগুনের ফুলকি থেকে? ঠিক কী কারণে ভাঙড়ে কেমিক্যাল ভর্তি ড্রামে ভয়াবহ বিস্ফোরণ, তা খতিয়ে দেখেছেন বিশেষজ্ঞরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঘটনার পরেও টনক নড়েনি প্রশাসনের। এখনও রাস্তার পাশে পড়ে রয়েছে রাসায়নিক ভর্তি ড্রাম। লিক করছে রাসায়নিক।  

Continues below advertisement

ভাঙড়ে কেমিক্যাল ভর্তি ড্রামে ভয়াবহ বিস্ফোরণ! রাস্তার পাশে দাঁড়িযে থাকা ৪ বালক আহত। আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে ভর্তি করা হয়েছে বাঙুর হাসপাতালে। আহতদের আবস্থার উন্নতি হয়নি বলে জানিয়েছে হাসপাতাল। ঠিক কী কারণে বিস্ফোরণ তা জানতে সাহায্য দেওয়া হচ্ছে ফরেন্সিক বিশেষজ্ঞদের। 

স্কুলের ছুটির পর রাস্তার পাশে খেলাধুলো শুরু করেছে কয়েকজন বালক। পাশে পড়ে রয়েছে রাস্তা মেরামতির রায়নিক ভর্তি কয়েকটি ড্রাম। তারই একটি ড্রামে হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ। চোখের নিমেষে ঝলসে গেল ৪ নাবালক। 

Continues below advertisement

আগুনে পুড়ে খাক হয়ে গেল বাড়ির চাল। ঝলসে গেল গাছপালা। ভোটের আবহে ভাঙড়ে ভয়াবহ ঘটনা। কেমিক্যাল ভর্তি ড্রামে বিস্ফোরণ। আহত ৪ কচিকাঁচা। আহতদের মধ্যে ৩ বালকের চিকিৎসা চলছে এমআর বাঙুর হাসপাতালে। ১ জন ভর্তি রয়েছে ভাঙড়ের নলমুড়ি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে। 

এমআর বাঙুর হাসপাতাল সূত্রে খবর, যে ৩ জন বালক ভর্তি রয়েছে, তাদের মধ্যে একজন ৯৫ শতাংশ অগ্নিদগ্ধ, আরেকজন ৫৫ শতাংশ এবং আরও একজন ১৫ শতাংশ অগ্নিদগ্ধ হয়েছে। 

মঙ্গলবার তখন বিকেল ৪টে। তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের মধ্য খড়গাছি গ্রাম। স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে ভাঙড়ের বোদরা গ্রাম পঞ্চায়েতের চটকি মোড় থেকে ঘটকপুকুর ৭ কিমি রাস্তা মেরামতির কাজ চলছিল। সেই জন্য রাস্তার পাশে রাখা ছিল, রাসায়নিক ভর্তি কয়েকটি ড্রাম। তারই একটিতেই বিস্ফোরণ ঘটে। 

খবর পেয়ে ঘটনাস্থলে যান ভাঙড়ের পর্যবেক্ষক ও ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা।         

যদিও জেলা পরিষদের দাবি, রাস্তা মেরামতি তারা করছে না। কাজ করছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল ডেভেলপমেন্ট অথরিটি। কিন্তু ড্রামগুলিতে ঠিক কোন ধরনের রাসায়নিক ছিল? কীভাবে ওই ড্রামে বিস্ফোরণ ঘটল? রোদের তাপে, নাকি আগুনের ফুলকি থেকে? স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এত বড় ঘটনার পরেও টনক নড়েনি প্রশাসনের। ঘটনাস্থল থেকে সরানো হয়নি বাকি ড্রামগুলি। যেগুলি থেকে রাসায়নিক লিক করছে। 

ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।