Birbhum TMC BJP Clash: রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন। বিধানসভা ভোটের (Vidhan Sabha Election) আগে প্রতিটি দল নিজেদের জমি শক্ত করতে রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক কর্মসূচির ঘোষণা করেছে। বিজেপির তরফে আয়োজন করা হয়েছে 'পরিবর্তন যাত্রা'-র। ভোটমুখী পশ্চিমবঙ্গে বিজেপির 'পরিবর্তন যাত্রা'-র মধ্য়ে কলকাতা থেকে জেলার বিভিন্ন জায়গা থেকে সামনে আসছে অশান্তির ছবি। বীরভূমের কীর্ণাহারে বিজেপির 'পরিবর্তন যাত্রা' ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। 

Continues below advertisement

জানা যাচ্ছে, বীরভূমের কীর্ণাহারে আজ 'পরিবর্তন যাত্রা'-র আয়োজন করে গেরুয়া শিবির। সিউড়ি থেকে আহমেদপুর ও লাভপুর হয়ে কীর্ণাহার আসার কথা ছিল। বিজেপির অভিযোগ, কীর্ণাহারে তৃণমূলের পার্টি অফিসের সামনে দিয়ে তাদের গাড়ি যাচ্ছিল। অভিযোগ, ঠিক সেই সময় 'জয় বাংলা' স্লোগান তোলে তৃণমূল। তৃণমূল পার্টি অফিসের সামনে রাখা চেয়ার ভাঙচুর করে বিজেপি (BJP)। এরপর দু'পক্ষের বচসা শুরু হয়। প্রথমে তর্কাতর্কি থেকে ধ্বস্তাধ্বস্তিতে পৌঁছায় পরিস্থিতি। এরপর লাঠিসোটা নিয়ে এক পক্ষ অন্য পক্ষকে আক্রমণ করতে শুরু করে। জানা যাচ্ছে, সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল কীর্ণাহার থানার পুলিশ। বিজেপি প্রশ্ন তুলছে, পুলিশকে জানিয়ে রাখা সত্বেও কীভাবে তৃণমূলের পার্টি অফিসের সামনে এই পরিস্থিতি তৈরি হল? অন্যদিকে তৃণমূল পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছে। 

ঘটনার পর শান্তিনিকেতনের এসডিপিও অফিসের সামনে ধর্নায় বসেছে বিজেপি। রয়েছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan)। তিনি বলেন, "২ ঘণ্টা ধরে একজন সাংসদ, জেলা সভাপতি ও অন্যান্য জেলা নেতৃত্ব বসে রয়েছে। আমাদের অভিযোগ নেওয়া হচ্ছে না। কেন্দ্রীয় বাহিনী কি এসপি সাহেবের বাংলোয় ঘুমোচ্ছে? দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কোথায় ছিল? আমরা শুধু এটুকু জানতে চাইছি। আমি পুলিশের দোষ দেব না। ৫০ জন পুলিশ থাকলে তারা সবাই তৃণমূলের দালাল। কিন্তু কেন্দ্রীয় বাহিনী কেন নানুরে গেল না?" তিনি যোগ করেন, "পুলিশকে বোমা দেখিয়ে বলছে ফেলে দেব বোমা? কাটারি নিয়ে কাটতে যাচ্ছে! এই পশ্চিমবঙ্গে ভোট হবে কী করে? আমরা লড়ে নেব। আমরা ভোট করাতে জানি।"  

Continues below advertisement

ভোটের আগে বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে দিকে দিকে অশান্তি। নিউটাউনে বিজেপির মিছিলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। আবার এদিকে পুরুলিয়ার বলরামপুরে বিজেপি বিধায়ক বানেশ্বর মাহাতোর গাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। পাশাপাশি বলরামপুরে বিজেপি বিধায়কের গাড়ি ভাঙচুর।