কলকাতা : আচমকাই সাসপেন্ড করা হল গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডেল। এনিয়ে মমতা-পন্থী তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। এদিকে এই ইস্যুতে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার আক্রমণ শানিয়ে বললেন, "মানুষের ওদের সম্বন্ধে কোনও আগ্রই নেই। সবাই জানে, সংগঠিত চোর দলের নাম ছিল তৃণমূল কংগ্রেস।"
তাঁর বক্তব্য, "বৈশ্বানর বাবুর কাছে তৃণমূল মানে কী, সেটা বৈশ্বানর বাবুর ব্যাপার। মানুষের কাছে তৃণমূল মানেই- চোর, ডাকাত, লুম্পেন, লুঠপাট করার কারিগর। আর কে কার হ্যান্ডেল খুলছে, কে কার প্যাডেল খুলছে...ওদের মধ্যে সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার। ওদের দলগত ব্যাপার। তা নিয়ে আমরা কোনও কথাই বলব না। মানুষের ওদের সম্বন্ধে কোনও আগ্রই নেই। সবাই জানে, সংগঠিত চোর দলের নাম ছিল তৃণমূল কংগ্রেস। পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে এটাই লেখা থাকবে। পশ্চিমবঙ্গে জাগ্রত জনতার কোনও আগ্রহ নেই।"
এক্স-এর আইন ভাঙার জন্য এই সাসপেনশন বলে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস-এর এক্স অ্যাকাউন্টে লেখা রয়েছে। যদিও এই ঘটনার পিছনে মমতা-তৃণমূলের ষড়যন্ত্র দেখছে তারা । এ প্রসঙ্গে অবশ্য মমতা তৃণমূল কংগ্রেসের নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেছেন, "ওদের কোনও অস্তিত্ব আছে বলে আমার মনে হয় না। কোনও জায়গায় কোনও লোকও নেই, কর্মীও নেই। আবার এক্স হ্যান্ডেলও আছে বলে আমার জানা নেই। ওদের কেউ সঙ্গে নেই। এবার ওরা নানা ধরনের অভিযোগ করছে। তারমধ্যে এটা একটা অভিযোগ। সবাই আমাদের দিকে চলে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইরে যারা ভাবছেন, তাঁরা বিজেপির দালালি করছেন। বিজেপির বকলেস পরা দালাল। যদি সঠিক বিচার হয়, তাহলে সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন। কারণ, সবাই জানেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের মূল স্থপতি।"
কী বলেছে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস ?
গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ঋজু দত্ত বলেন, "সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস...এই নাম এবং প্রতীক, এই পুরো ব্যাপারটাই এখন নির্বাচন কমিশনের কাছে বিচারাধীন বিষয়। মমতা কংগ্রেসের আইটি সেলের ছেলে-ছোকরা যেগুলোকে এখনও অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ন্ত্রণ করেন, তাঁরা রিপোর্ট মেরে মেরে আমাদের এই পেজ সাসপেন্ড করিয়েছে। আমরা একশো শতাংশ আশাবাদী যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নাম, আর ঘাসের উপর জোড়া ফুল প্রতীক আমরাই পাব। আমরা এর সঙ্গে সঙ্গে একশো শতাংশ নিশ্চিত যে, মমতা বন্দ্যোপাধ্যায় আর কোনও দিন ঘাসের উপর জোড়া ফুল প্রতীক বা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস-এর নাম ব্যবহারও করতে পারবেন না বা চোখেও দেখতে পাবেন না। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বলে একটা ভেরিফায়েড অ্যাকাউন্ট অলরেডি চলছে। এক্সে চলছে, ফেসবুকে চলছে, ইনস্টাগ্রামেও চলছে। এবার তার পরিপ্রেক্ষিতে যদি আর একটা অ্যাকাউন্ট তৈরি হয়, তার বৈধতার জন্য কিছু নথি জমা দিতে হয় এক্স বা ফেসবুককে। কিন্তু, যেহেতু ব্যাপারটা পুরোটাই নির্বাচন কমিশনের কাছে বিরাচাধীন, আমাদের কাছে সেই নথি এখনও অ্যাভেলেবল নেই, আমরা যথাযথ জিনিস আমাদের পক্ষ থেকে জানানোর, আমরা জানিয়েছি।"
